
নিউজ ডেস্ক: প্রায় এক বছর বিকল থাকার পর আবারও ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে অধিক ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। নৌ-পথে যেকোনো দুর্ঘটনা কবলিত নৌ-যান উদ্ধার অভিযান পরিচালনায় ফের প্রস্তুত উদ্ধার যানটি।
নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) ৫নং ঘাটে অবস্থিত এ জাহাজটি ব্যবহারের উপযোগী করে তুলেছেন দেশি প্রকৌশলীরা। দেশে প্রথমবারের মতো থ্রেসল্ড ইঞ্জিনিয়ারিং নামের প্রতিষ্ঠান গত সোমবার সফলতার সঙ্গে এর প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ করে।
প্রত্যয়ের কম্পিউটার প্রোগ্রামে পরিচালিত অটোমেটিক লোড মিটার (স্বয়ংক্রিয় ওজন নির্ণয় যন্ত্র) গত এক বছর ধরে নষ্ট থাকায় জাহাজটি কার্যত অচল হয়ে পড়ে। মিটারটি ঠিক করার জন্য দক্ষিণ কোরিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, জাহাজটির ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় সাড়া দেয়নি কোরিয়ান প্রতিষ্ঠানটি।
এ অবস্থায় বিআইডব্লিউটিএ স্থানীয়ভাবে অটোমেটিক লোড মিটার ঠিক করার উদ্যোগ নেয়। পরে খুলনা শিপইর্য়াড লিমিটেডকে কাজটি দেওয়া হয়। খুলনা শিপইর্য়াড কাজটি দেয় থ্রেসল্ড ইঞ্জিনিয়ারিং নামের স্থানীয় এক প্রতিষ্ঠানকে। থ্রেসল্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রোগ্রামে পরিচালিত অটোমেটিক লোড মিটারটি ঠিক করে উদ্ধারকারী জাহাজটিকে পুনরায় কার্যকর করে তোলে।
মন্ত্রণালয় সূত্র বলছে, লোড মিটার ঠিক না থাকলে দুর্ঘটনা কবলিত যানের ওজন পরিমাপ করা যায় না। আর ওজন পরিমাপ করা না গেলে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার সম্ভব হয় না।
২০১৩ সালের ১৬ এপ্রিল দুর্ঘটনা কবলিত নৌ-যান উদ্ধার কাজের জন্য দক্ষিণ কোরিয়া থেকে দু’টি উদ্ধারকারী জাহাজ সংগ্রহ করে বিআইডব্লিউটিএ। ‘নির্ভীক ও প্রত্যয়’ নামের জাহাজ দু’টির মিলিত ক্ষমতা ৫০০ মেট্রিক টন। প্রায় ৩৮ বছর পর বিআইব্লিউটিএ’র বহরে নতুন এ দু’টি উদ্ধারকারী জাহাজ যুক্ত হয়। এর আগে ১৯৭৪ সালে হামজা ও রুস্তম নামে দু’টি জাহাজ আনা হয়। ওই দু’টির ক্ষমতা ছিল ৬০ টন করে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ মে প্রথমবারের মতো উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ডুবে যাওয়া যাত্রীবাহী এমভি মিরাজ-৪ নামের লঞ্চ উদ্ধার কাজ করে। এর আগে প্রত্যয় দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় ডুবে যাওয়া ট্যাংকলরি ও সিমেন্ট বোঝাই একটি জাহাজ উদ্ধার করে।