
নিউজ ডেস্ক: সুন্দরবন থেকে চোরা শিকারীদের জালে আটক হয়ে পাচারের অপেক্ষায় থাকা বিরল প্রজাতির চার হাজার মুনিয়া পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে এই পাখি উদ্ধার করা হয়। তবে এ সময়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ কোন চোরা শিকারীকে আটক করতে পারেনি।
উদ্ধার হওয়া পাখিগুলো আজ বিকাল ৫টায় বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে। এ বিষয়ে খুলনা সার্কেলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহমেদ জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকার আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির লোকজনসহ চোরা শিকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে গেলে ঘরের একটি ঘরে মশারি ও কয়েকটি খাঁচার ভেতরে পাচারের অপেক্ষায় থাকা সুন্দরবনের বিরল প্রজাতির হাজার হাজার পাখি দেখতে পাই'।
পরে বিরল প্রজাতির মুনিয়া পাখিগুলো বিকাল ৫টায় সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এলাকায় অবমুক্ত করার সময় গণনা করে দেখা যায় আটক করা পাখির সংখ্যা চার হাজার। এছাড়া এই অভিযানে আটক ২টি টিয়া ও ৪টি ঘুঘু পাখিও অবমুক্ত করা হয়েছে। এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, অন্যান্য প্রাণীর পাশাপাশি বিরল প্রজাতির মুনিয়াসহ ৩১৫ প্রজতির পাখির বসবাস সুন্দরবনে।
চোরা শিকারীরা দীর্ঘদিন এসব পাখি সুন্দরবন থেকে জার পেতে ধরে এনে দেশের বাজারে বিক্রি করে আসছে। সুন্দরবনের গহীণে চোরা শিকারীরা এসব পাখি শিকার করায় দিন দিন তা কমে যাচ্ছে। এই পাকি শিকারী চক্রকে শনাক্ত করে আইনে আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বন কর্মকর্তরা।