
নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার রাজানগরের ইঞ্জিনিয়ার আসাদ খন্দকার হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন ও অপর তিন আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মহসীন খান আলমগীর হোসেন ও সাগর। যাবজ্জীবনপ্রাপ্তদের দণ্ডবিধির অপর একটি ধারায় অতিরিক্ত ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও দুই ধারায় তাদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও খুনে প্ররোচণা দেওয়ার অভিযোগে ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অলিয়ার রহমান ওরফে অলি, আমিনুল ইসলাম ও মিজানুর রহমান মিজান। এ আসামিদেরও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার প্রধান আসামি লিটন চৌধুরীসহ ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরপর তা প্রত্যাখান করেছেন নিহতের বোন তরুলতা। তিনি রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন। এ ছাড়া হতাশ হয়েও তিনি আদালতের পাঁচতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় দুই ব্যক্তি তাকে ধরে ফেলেন। উল্লেখ্য ২০১৩ সালের ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া ৯ টার দিকে ভিকটিম আসাদুজ্জামান খন্দকার মোটরসাইকেলে করে রাজানগর বাজারে গেলে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় এ মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ১২ মে পুলিশ পরিদর্শক এস এম শহিদুল ইসলাম ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচারকালে ৪২ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ।