
নিউজ ডেস্কঃ ফিতা টেনে মানিকগঞ্জের পাটুরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পরিদর্শন বাংলা পদ্মা-যমুনার সবেমাত্র উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর দু’কদম হাঁটলেন মন্ত্রী। কিন্তু দেশের চলমান গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে তার সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করলেন সংবাদকর্মীরা। উত্থাপিত বাজেট, সংসদের বাইরে থাকা বিএনপির তা প্রত্যাখ্যান, গণপরিবহনে বিশৃঙ্খলা ইত্যাকার বিষয়ে কথা বলতে অনুরোধ করা হয় মন্ত্রীকে। মন্ত্রীও না করতে পারলেন না। মৃদু হেসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য সুখবর দিয়েই কথা শুরু করলেন তিনি ।
সেতুমন্ত্রী বললেন, ‘নবীনগর-পাটুরিয়া পর্যন্ত সড়ক ২ লেন থেকে ৪লেন করা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে আগামী সেপ্টেম্বর থেকে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। সঙ্গে সঙ্গেই করতালির ধুম পড়ে গেলো। মন্ত্রীর সুসংবাদে উচ্ছ্বসিত দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে স্থানীয় সংবাদ কর্মীরাও। মুহূর্তেই তাদের হৃদয়বন্দি হলেন ছন্দবদ্ধ, শৈল্পিক সাবলীল উচ্চারণে পারঙ্গম সড়ক ও সেতুমন্ত্রী। আজ সকাল সাড়ে ১১ টার দিকের ঘটনাপ্রবাহ ছিলো এমনই। জনপ্রত্যাশা ধারণ করে কাজ করা মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে ‘ঈদ উপহার’ পেয়ে গেলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ১০ কোটি মানুষ। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দাদের যোগাযোগের মাধ্যম এ গুরুত্বপুর্ণ সড়ক ।
দুর্ঘটনা প্রবণ এ সড়কটি ২ লেন থেকে ৪লেনে উন্নীত করার দাবি ছিলো দীর্ঘদিনের। মন্ত্রীর ঘোষণায় এ দাবি এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে, তাই আনন্দের ফল্গুধারা বইছে স্থানীয়দের মাঝেও। সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে মন্ত্রী হিসেবে প্রতিক্রিয়া দিতে চাই না। এটা সরকারের সিদ্ধান্ত। সবার সঙ্গে কথা বলে অর্থমন্ত্রী বাজেট ঠিক করেছেন। এ নিয়ে গতানুগতিক কথার প্রয়োজন নেই। তার ঠিক পাশ থেকেই বাজেট নিয়ে বিএনপির নেতিবাচক প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সব সময় বাজেটকে গণবিরোধীই বলে থাকে ।
তবে আরেক সাংবাদিক ফের মন্ত্রীর এ সম্পর্কিত মূল্যায়ন তুলে ধরার অনুরোধ করলে তিনি সোজাসাপ্টা উচ্চারণ করেন ‘অর্থমন্ত্রীর মূল্যায়ণ আমার মূল্যায়ন। মানিকগঞ্জবাসীর দুঃখগাঁথা গণপরিবহনে বিশৃঙ্খলার বিষয়টি আরেকজন সংবাদকর্মী মন্ত্রীর নজরে আনলে তিনি বলেন, গণপরিবহনের আগে রাস্তা করতে হবে। আমি সব সময় এখানে বিআরটিসির গাড়ি দিতে চাই। কিন্তু বেসরকারি মালিকরা বিরোধিতা করেন। মালিক-শ্রমিকরা রাজি হলে আমরা অবশ্যই বিআরটিসির গাড়ি দেবো। আমরা অযথা তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। আর চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের উত্তরে সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজির বিষয়েআন্ত:মন্ত্রণালয়ের বৈঠক করেছি। এ বিষয়টি আমরা কঠোরভাবে মোকাবেলা করবো ।
মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের বিষয়ে তিনি বলেন, এ আরিচা এক সময় ছিলো প্রতিদিনের মরণফাঁদ। কিন্তু সিএনজি ও ব্যাটারিচালিত অটো রিকশা চললে দুর্ঘটনা রুখতে পারবেন না। গতকালও অটোরিকশার সঙ্গে বড় গাড়ির এক্সিডেন্ট হয়েছে। জীবনকে হাতে নিয়ে অটো রিকশায় না চড়তেও যাত্রীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশব্যাপী সহিংসতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীকে নির্বাচনে আমাদের অনভিজ্ঞতার সীমাবদ্ধতা রয়েছে। আরও ২-১টি নির্বাচন হলে এ সহিংসতা কমে যাবে ।
ইউপি নির্বাচনে দলীয় বিদ্রোহীদের বহিষ্কার ও উস্কানিদাতাদের তালিকা তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান কঠোর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, সড়ক ও জনপথ বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল, প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, স্থানীয় নির্বাহী প্রকৌশলী মুহিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ।