News71.com
 Bangladesh
 03 Jun 16, 06:51 PM
 509           
 0
 03 Jun 16, 06:51 PM

চট্টগ্রামে জব্দ করা প্রায় পৌনে তিন কোটি ভারতীয় রুপিই জাল : ফরেনসিক রিপোর্ট পেশ করল সিআইডির

চট্টগ্রামে জব্দ করা প্রায় পৌনে তিন কোটি ভারতীয় রুপিই জাল : ফরেনসিক রিপোর্ট পেশ করল সিআইডির

নিউজ ডেস্ক: প্রায় আট মাস আগে কন্টেইনারে করে চট্টগ্রাম বন্দরে আনা প্রায় পৌনে তিন কোটি ভারতীয় রুপির নোটগুলো ‘জাল’ বলে শনাক্ত হয়েছে। এসব নোট নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে বলে জানান এই মামলার তদন্তকারী ও সিআইডির সংঘবদ্ধ অপরাধ শাখার ইউনিটের পরিদর্শক লিটন দেওয়ান।

তিনি বলেন, “সিআইডির জাল নোট বিশেষজ্ঞ ফরেনসিক বিভাগের পরিদর্শক আবু সাঈদের দেওয়া প্রতিবেদনটি কয়েকদিন আগে হাতে পেয়েছি। এতে বলা হয়েছে, উদ্ধার করা প্রতিটি ভারতীয় নোটই জাল। “নোটের জলছাপ, নিরাপত্তা সুতা ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সিল নিম্নমানের। অপটিক্যাল ভেরিয়েবল ইঙ্কও ব্যবহার করা হয়নি।” নির্দেশনা না থাকলেও মামলার তদন্ত প্রতিবেদনের সঙ্গে নোটগুলোর ফরেনসিক প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা লিটন। পরীক্ষার পর নোটগুলো ঢাকা থেকে ফেরত পাঠানোর পর কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে; বৃহস্পতিবার প্রতিবেদনটির একটি অনুলিপিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এবিষয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, “মুদ্রা আসল বা নকল যাই হোক চোরাচালান একটি অপরাধ। “কোনো অবৈধ কর্মকাণ্ডে ব্যবহারের জন্যই এসব জাল মুদ্রা আনা হয়েছিল। অথবা মুদ্রা পাচারে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের সম্ভাবনাটিও আমরা বিবেচনায় রেখেছি।”

গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বন্দরের আট নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ একটি কন্টেইনার খুলে চারটি কার্টনের ভেতর ভারতীয় মুদ্রা পান কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। গণনা করে ২ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৫০০ রুপি পান। দুবাইপ্রবাসী চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহীদুজ্জামান গৃহস্থালি পণ্য ঘোষণা দিয়ে আরব আমিরাত থেকে কন্টেইনারটি চট্টগ্রামে পাঠান।

এ ঘটনায় বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, কাস্টমস অ্যাক্ট ও ব্যাগেজ আইনে ছয় জনকে আসামি করে মামলা করে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর।তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এরা হলেন- শাহীদুজ্জামান, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এসএম সায়েম ওরফে শামীমুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদ উল্লাহ, প্রতিষ্ঠানের কর্মী আহম্মদ উল্লাহ, কাস্টমসের ‘ফালতু’ শেখ সাবের এবং শাহীদুজ্জামানের ভাই মো. তৌহিদুল আলম।

এদের মধ্যে সিঅ্যান্ডএফ কর্মকর্তা আসাদ উল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মোবারক হোসেনের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন