
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিক বলেছেন, ৬ দফাই এনে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তিনি বলেন, বঙ্গবন্ধুর দূরদৃষ্টি, অন্তঃদৃষ্টি ও রাজনৈতিক বিচক্ষণতা এতই প্রখর ছিল যে তিনি ৬ দফাকে এক দফার দাবিতে পরিণত করে বাংলার স্বাধীনতার আন্দোলনের ডাক দেন। আগামী ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আজ বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব ভবনের কনফারেন্স লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ এস এ মালেক এতে সভাপতিত্ব করেন। ৬ দফা নিয়ে আরো আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. মিজান উদ্দিন, ময়মনসিংহ ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিতুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অরুন কুমার গোস্বামী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডীন প্রফেসর আ. ব. ম ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জাকারিয়া মিয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আরশাফুল ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক রাশেক রহমান প্রমুখ।
ডাঃ এস এ মালেক বলেন, ৬ দফা ছিল বাঙালীর মুক্তির টার্নিং পয়েন্ট। বঙ্গবন্ধু ভেবে চিন্তে এবং বাংলার জনগণের দাবি ও দুঃখ বেদনার কথা এবং সকল প্রকার অর্থনৈতিক বৈষম্যর চির অবসান ঘটাবার জন্য তিনি ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করে ছিলেন। ৬ দফার দাবিগুলো ছিল অত্যন্ত যৌক্তিক ও গ্রহণ যোগ্য। এ দাবিগুলো বাস্তবায়িত হলে পূর্ব বাংলার জণগণের পূর্ণ শায়ত্ত্বশাসন অর্জিত হতো ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হতো। শফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালীর স্বাধীনতা অর্জনের দিক নির্দেশনা। আমাদের ষড়ঋতুর সাথে মিল রেখে বঙ্গবন্ধু ৬ দফা তৈরি করেন। রাশেক রহমান বলেন, সকল প্রকার বৈষম্য দূরীকরণ, সকল ক্ষেত্রে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বাঙালী জাতির মুক্তি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বঙ্গবন্ধুর ৬ দফার মধ্যে সুপ্ত ছিল।