News71.com
 Bangladesh
 04 Jun 16, 12:20 AM
 523           
 0
 04 Jun 16, 12:20 AM

শেষধাপের ইউপি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ নির্বাচন কমিশনের

শেষধাপের ইউপি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ নির্বাচন কমিশনের

নিউজ ডেস্ক: ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপে এসে ‘সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা’ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এর আগে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শতাধিক লোকের প্রাণহানি, সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, আগের রাতে সিল মারাসহ নানা অনিয়মের পর ‘সর্বোচ্চ সতর্কতা’ চাইল ইসি।

সেই সঙ্গে অনিয়মের অভিযোগে টাঙ্গাইলে এক এএসপি এবং ঝিনাইদহে ওসি পর্যায়ের দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।
ফেব্রুয়ারিতে প্রথম পর্বের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে। সহস্রাধিক আহত ও গোলযোগ, অনিয়মের অভিযোগও রয়েছে।

সহিংসতা-অনিয়ম অব্যাহত থাকায় শেষ ধাপের ভোট নিয়েও শঙ্কায় সংশ্লিষ্টরা। সহিংসতা-অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারায় সমালোচনার মুখে পড়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট হচ্ছে। অনিয়ম-সহিংসতা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করে আসছে। সেই সঙ্গে ক্ষমতাসীনরা সুষ্ঠু নির্বাচন হচ্ছে দাবি করে এলেও ‘তামাশার ভোট’ বলে অভিযোগ করে আসছে বিএনপি।

নির্বাচন পর্যবেক্ষকরাও হতাশ এত সহিংসতায়। ‘শেষ ভালো যার সব ভালো তার’ এ প্রবাদ বাক্যের কথা উপলব্ধি করে শেষটায় ভাল উদ্যোগ নেবে বলে মনে করেন তাঁরা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদও সহিংস ভোট নিয়ে উষ্মা প্রকাশ করেন ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার অভিযান’ ভালো না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তিনি আঙুল তোলেছেন ।

বিদ্যমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ গেল কমিশন থেকে। শুক্রবার স্বরাষ্ট্রসচিব বরাবর ইসির কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এরই মধ্যে চলমান ইউপি নির্বাচনে পাঁচ পর্ব শেষ হয়েছে। ৪ জুন ষষ্ঠ ও শেষ পর্বের ভোট হবে। পঞ্চম পর্বের ভোটেও বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি ঘটেছে এবং কিছু প্রাণহানি হয়েছে, যা কোনোমতেই কাম্য নয়।

‘এ অবস্থায় শেষ পর্বের ইউপি নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন’। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শকসহ র‍্যাব, আনসার, বিজিবি মহাপরিচালককেও পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন