News71.com
 Bangladesh
 05 Jun 16, 06:59 PM
 510           
 0
 05 Jun 16, 06:59 PM

মুগডাল আবাদে গাইবান্ধায় কৃষকের আগ্রহ বাড়ছে.....

মুগডাল আবাদে গাইবান্ধায় কৃষকের আগ্রহ বাড়ছে.....

নিউজ ডেস্ক: গাইবান্ধায় মুগডাল চাষে কৃষকের আগ্রহ থাকায় দিন দিন এর আবাদ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ স্বল্পমেয়াদী আমন, সরিষা, আলু, দেশী পারিজা ধান ও উচ্চফলনশীল মুগডাল চাষের পরামর্শ দিয়েছে কৃষককে।

চলতি মৌসুমে গাইবান্ধার সাত উপজেলায় ৪২ হেক্টর জমিতে বি ইউ-৪ ও বারি-৬ জাতের মুগডাল আবাদ হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় মুগডাল চাষে আগ্রহী হয়েছেন এ অঞ্চলের অনেক কৃষক।

কৃষকরা বলছেন, মুগডালের আবাদ ভালো হয়েছে। পোকমাকড়ের আক্রমণ কম হওয়াতে খরচ কম হয়েছে বলে বেশি লাভ হবে। বিঘাপ্রতি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা খরচ করে লাভ থাকছে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। বিঘায় ফলন পাওয়া যায় পাঁচ থেকে ছয় মণ।

পাইকারি বাজারে প্রতি কেজি মুগডাল ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছেন কৃষক। কৃষি গবেষণা ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কৃষকদের মুগডাল চাষে উদ্বুদ্ধ করছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ কা মো. রুহুল আমিন বলেন, গাইবান্ধার জেলার বিভিন্ন অঞ্চলে মুগডালের চাষ বৃদ্ধি করতে চেষ্টা করছি। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মুগডাল চাষে আগ্রহী করা হচ্ছে। মুগডাল চাষে খরচ এবং পোকা-মাকড়ের আক্রমন কম হওয়ায় আগামীতে এ অঞ্চলে মুগডালের আবাদ আরো বাড়বে বলে জানিয়েছে এক কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন