News71.com
 Bangladesh
 05 Jun 16, 09:29 PM
 568           
 0
 05 Jun 16, 09:29 PM

রমজানে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা আবহাওয়ার উপর নির্ভরশীল হবে

রমজানে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা আবহাওয়ার উপর নির্ভরশীল হবে

নিউজ ডেস্ক: এবারের পবিত্র রমজানে দেশের বিদ্যুৎ পরিস্থিতি হবে আবহাওয়ার ওপর নির্ভরশীল। নিয়মিত বৃষ্টিবাদল হয়ে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলে বিদ্যুৎ পরিস্থিতিও ভালো থাকবে। আর বৃষ্টিপাত না হলে বা গরম তীব্রতর হলে বিদ্যুৎ পরিস্থিতি অপেক্ষাকৃত খারাপ হবে। এ ক্ষেত্রে গ্রামাঞ্চল তো বটেই শহর-নগরও লোডশেডিং থেকে রেহাই পাবে না।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে গ্যাস-বিদ্যুৎ দুইয়েরই চাহিদা বাড়ে। তাদের ধারণা, এ সময় সর্বোচ্চ চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতি এক হাজার মেগাওয়াট হতে পারে। গ্রাহকদের সহযোগিতায় এই ঘাটতিতে বিশেষ সমস্যা হবে না। তবে গরমের তীব্রতা বাড়লে সমস্যাও বাড়তে পারে।

রমজানে বিদ্যুৎ পরিস্থিতি ভালো রাখার জন্য সরকারের বিশেষ উদ্যোগ রয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বর্তমানের তুলনায় কিছু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তেলভিত্তিক কেন্দ্রগুলো যাতে ঠিকঠাক চলে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। সঞ্চালন ও বিতরণব্যবস্থা স্বাভাবিক রাখতেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে কোনো গোলযোগ দেখা না যায়।

অন্যদিকে গ্রাহক প্রান্তে কিছু বিশেষ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সর্বোচ্চ চাহিদার সময় ভারী শিল্প-কারখানা, ওয়েল্ডিং মেশিন, ওভেন, কাপড়চোপড় ইস্তিরি, পানি তোলার মেশিন প্রভৃতি বন্ধ রাখার জন্য সব শ্রেণির গ্রাহককে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া ১৫ রমজান পর্যন্ত সব ধরনের দোকানপাট রাত আটটায় বন্ধ করা; বিপণিবিতান, পেট্রোলপাম্প, সিএনজি স্টেশন, সুপার মার্কেট প্রভৃতিতে প্রয়োজনের বেশি বাতি ব্যবহার না করা; ইফতার ও তারাবির নামাজের সময় এসির সাশ্রয়ী ব্যবহার; সপ্তাহের একেক দিন নগরীর একেক এলাকার দোকানপাট বন্ধ রাখার নিয়ম (হলিডে স্ট্যাগারিং) অব্যাহত রাখা প্রভৃতির ওপর জোর দেওয়া হচ্ছে। অবশ্য রমজানের সময় এসব বিধান কতটা কার্যকর করা যাবে, তা নিয়ে বিতরণকারী সংস্থাগুলোর যথেষ্ট সন্দেহ রয়েছে।

মন্ত্রণালয় ও পিডিবির সূত্র জানায়, বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদনক্ষমতা প্রায় সাড়ে ১৪ হাজার মেগাওয়াটে উন্নীত হলেও প্রকৃত সর্বোচ্চ উৎপাদন এখন পর্যন্ত করা সম্ভব হয়েছে ৮ হাজার ১৭৭ মেগাওয়াট। জ্বালানির স্বল্পতা না থাকলে প্রায় ১২ হাজার মেগাওয়াট উৎপাদন করা সম্ভব।

উৎপাদিত বিদ্যুতের মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলোর নিজস্ব ব্যবহার (অক্সিলারি) অন্তত ৫ শতাংশ। সঞ্চালন ও বিতরণব্যবস্থার পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) রয়েছে। ৮ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদিত হলেও এসব বাদ দিয়ে ভোক্তা পর্যায়ে সাত হাজার মেগাওয়াটের বেশি পৌঁছায় না। এর ফলে ৭৬ শতাংশ মানুষকে বিদ্যুৎ–সুবিধার আওতায় আনতে গিয়ে যে লাখ লাখ নতুন সংযোগ দেওয়া হয়েছে, তাদের অনেকের কাছে, বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ চাহিদার তুলনায় কম পৌঁছায়। সঞ্চালন-বিতরণব্যবস্থার সীমাবদ্ধতাও একটি বড় সমস্যা হিসেবে অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন