News71.com
 Bangladesh
 06 Jun 16, 01:49 AM
 493           
 0
 06 Jun 16, 01:49 AM

অনিয়মের অভিযোগ জানতে চান মন্ত্রী....

অনিয়মের অভিযোগ জানতে চান মন্ত্রী....

নিউজ ডেস্কঃ বাস টার্মিনালের কাউন্টারে রডের ফাঁকে উঁকি মারছেন মন্ত্রী। দেখলেন- সবই তো ঠিক আছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভাড়ার যে পুনরায় নির্ধারিত তালিকা তাও ঠিক মতো ঝুলানো। বেশ পরিপাটি সবগুলো বাস কাউন্টার। একটি মাত্র অভিযোগও নেই। অবাক মন্ত্রী তখন যাত্রী খুঁজতে থাকলেন। শেষ পর্যন্ত যাত্রী খুঁজে বের করেও অভিযোগ আর পেলেন না। শেষে তিনি বললেন,আমাকে অভিযোগ এনে দিন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এভাবেই তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট অভিযোগ খুঁজতে মরিয়া!

নিজের গাড়িবহর থেকে নেমে গিয়ে বাসে উঠে পড়া এই মন্ত্রী এখন বেশ খুঁতখুঁতে। তার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) কোনো বাসে লাইট-ফ্যান নষ্ট- এমন চিত্র নেই। শতভাগ লাইট-ফ্যান ঠিক আছে মন্ত্রীর কাছে এ দাবি করছে বিআরটিসি। সেজন্য এবার মন্ত্রী পুননির্ধারিত ভাড়া যাতে ঠিকমতো মানা হয় তার খোঁজ নিতে হরহামেশা টার্মিনালে দৌড়াচ্ছেন। আজ ছিল সেরকম একটি দৌড়ঝাঁপ। গাবতলী বাস টার্মিনালে অভিযোগের সঙ্গে সঙ্গে আদালত বসিয়ে বিচার করতে প্রস্তুত ছিলেন ম্যাজিস্ট্রেটও। কিন্তু এ যাত্রায় অভিযোগ নেই। তবে অভিযোগ যে আসলেই নেই তা মানতে নারাজ মন্ত্রী। টার্মিনালে বাস ট্রাক ওনাস অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেলকে প্রশ্ন করেন তিনি কেন তেলের দাম কমার সঙ্গে ভাড়াও ঠিক মতো কমিয়ে নেওয়া হচ্ছে না? এ নিয়ে নিজের অসন্তুষ্টি জানিয়ে আবারও বৈঠকে বসবেন বলে বক্তব্য দিলেন ওবায়দুল কাদের ।

এদিকে টার্মিনালের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ঘুরে এসে মন্ত্রী বললেন, কেউ তো অভিযোগ করে না। এখন অভিযোগ না করলে আমি কী করবো। আবারও আসবেন বলে মন্ত্রী টার্মিনাল ছেড়ে গেলেন এবারের মতো। তবে প্রতিদিনই তিনি রাস্তায় বের হচ্ছেন। সামনে রোজা এবং ঈদে গ্রামের বাড়ি ফেরাদের যাতে ভোগান্তি না হয় তার জন্য খণ্ড খণ্ড বৈঠক শুরু করেছেন। এবারই প্রথম এমন উদ্যোগে আসন্ন ঈদযাত্রা শান্তিপূর্ণ হবে বলে বিশ্বাস মন্ত্রীর। আর রাস্তার অবস্থা গত বছরের চেয়ে অনেক ভালো বলেও মত দিলেন ওবায়দুল কাদের। এখন ব্যতিক্রমী কিছু উদ্যোগ নিচ্ছেন তিনি। যে উদ্যেগে মহাসড়কের যানজটপ্রবণ সড়কে আর দুর্ভোগে পড়তে হবে না ঈদের ছুটিতে ঘরমুখো মানুষজনকে ।

প্রথমবারের মতো সড়ক স্বেচ্ছাসেবক নামে ৯০০ তরুণ আলাদা পোশাকে নিয়োগ করবেন মন্ত্রী। এজন্য বিএনসিসি আর স্কাউটকে বেশি পছন্দ তার। তাদের কাজে লাগিয়ে একটু সম্মানিও দিতে চান ওবায়দুল কাদের। রোজা আসার আগেই এসব প্রস্তুতি তিনি নিয়ে নিচ্ছেন। ঢাকায় শীতাতপ ঘরে বসে নয়, স্পট ধরে বৈঠক হবে- এটিও সাফ কথা তার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন