
নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার দায়ের করা মামলাটিকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে জামায়াত–শিবিরের সঙ্গে নিজেদের সংগঠনের কিছু স্বার্থান্বেষী নেতা একজোট হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের নাটক সাজিয়েছেন বলে দাবি আওয়ামী লীগ নেতাদের।
সাংসদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহেদুল ইসলামের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর। বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সেলিমুল হক চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচন কর্মকর্তার কাছে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা থেকে ৮৫০ জনকে কেন ভোট গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছিল। তিনি বাঁশখালীতে লোকবলের অভাবের কারণে পেকুয়া থেকে আনা হয় বলে জবাব দেন। কিন্তু প্রকৃতপক্ষে বাঁশখালী উপজেলার অনেক শিক্ষককে দায়িত্ব দেননি ওই নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা উল্লেখ করে লিখিত বক্তব্যে আবদুল গফুর আরও বলেন, ১ জুন সাংসদ উপজেলা সদরে গেলে তাঁর কাছে বিভিন্ন প্রার্থীরা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জাহেদুল ইসলামের কাছে সাংসদ অভিযোগ সম্পর্কে জানতে চান। তখন জাহেদুল ইসলাম উত্তেজিত হয়ে বলেন, তিনি এর জবাব নির্বাচন কমিশনকে দেবেন। এ সময় কয়েকজন প্রার্থী ঘুষ গ্রহণের অভিযোগ তুলে জাহেদুলের দিকে তেড়ে যান। তখন সাংসদ দুই পক্ষকে শান্ত করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই তুচ্ছ ঘটনার পর নির্বাচন কর্মকর্তা জাহেদুল ইসলাম তাঁকে সাংসদ লাঞ্ছিত করেছেন বলে অতিরঞ্জিত করেন। পরে মিথ্যা ফৌজদারি মামলাও করেন। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্র করা হয়েছে।