
নিউজ ডেস্কঃ সদ্য জাতীয় করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের (প্যানেল শিক্ষক) ৭ কর্ম দিবসের মধ্যে শূন্য পদে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর আজ ৬১ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে কোনো পদের উল্লেখ না করায় এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন প্যানেল শিক্ষকরা ।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আদালতের রায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইনগত মতামত এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তি অনুসারে উপজেলা/থানা মেধাক্রম অনুযায়ী সদ্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগ দেওয়ার অনুরোধ করা হলো। পত্র প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করে পদায়নকৃত বিদ্যালয়ে যোগদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। চিঠিতে জেলা প্রশাসক/জেলা প্রাথমিক শিক্ষা অফিসে রক্ষিত ইতোমধ্যে পাঠানো প্যানেল তালিকায় যে সব প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়নি, সে সব প্রার্থীদের মূল আবেদনপত্র, নিয়োগ সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র যাচাই করে নিশ্চিত হয়ে উপজেলা/থানা মেধাক্রম অনুযায়ী সদ্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। কোনো অনিয়ম হলে বা ভুয়া কোনো প্রার্থী নিয়োগ পেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন ।
প্রথমবার গত ১৮শে মে রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে নিয়োগ প্রদানের বিষয়ে নির্দেশ দেওয়া হলেও বর্তমানে সেই রেজিস্ট্রার্ড স্কুল না থাকায় জটিলতা তৈরি হয়। এরপর প্রাথমিক শিক্ষা অধিদফতর মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়। পরবর্তীতে গত ২ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি স্পস্ট করে সদ্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের নির্দেশ দিয়ে অধিদফতরকে চিঠি পাঠায়। এরপরই প্রাথমিক শিক্ষা অধিদফতর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এই নির্দেশ দিলো। এদিকে, শূন্য পদে নিয়োগের কথা বলা হলেও নির্দিষ্ট করে শূন্য পদের কথা উল্লেখ না থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ প্রাথমিক প্যানেল শিক্ষক ঐক্যজোটের সভাপতি রবিউল ইসলাম ।
আজ রাতে তিনি জানান, সদ্য জাতীয়করণকৃত স্কুলের কোন পদে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ না করার জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি জানান, সদ্য জাতীয়করণকৃত ২২ হাজার ৮৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে নব সৃষ্ট পঞ্চম পদে একজন এবং পূর্বের সরকারি বিদ্যালয়ে প্রায় ৭ হাজার শূন্য পদে নিয়োগের নির্দেশ দিলে জটিলতা কেটে যেতো। তবে এ বিষয়ে রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি (নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও কল্যাণ) নীতিমালা-২০০৯ অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ২১শে এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য ৪২ হাজার ৬১১ জনের একটি প্যানেল প্রস্তুত করা হয়। ওই প্যানেল থেকে এরই মধ্যে ১০ হাজার ৫১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঝুলে থাকার মধ্যে তা নিয়ে দীর্ঘ আন্দোলন এবং আইনি লড়াই চালিয়ে যান প্রার্থীরা। পরে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া গণশিক্ষা মন্ত্রণালয়। উচ্চ আদালত রিট পিটিশন ও রিভিউ পিটিশন খারিজ করে নীতিমালা তৈরি করে নিয়োগ দিতে বলায় নিয়োগ উদ্যোগ নেয় মন্ত্রণালয়। সহকারী শিক্ষক নিয়োগ-২০১০’ এ ৪২ হাজার ৬১১ জনের মেধাক্রম তালিকা ২০১২ সালের ৮ই এপ্রিল প্রকাশ করা হয়। তারপর ২০১৩ সালের ৯ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেওয়ার পর সেই প্যানেল থেকে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায়। এখন সেই জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন তারা ।
প্যানেল শিক্ষক ঐক্যজোটের সভাপতি রবিউল ইসলাম জানান, এসব পদে প্রায় ২৫-২৮ হাজার প্রার্থী রয়েছেন। এর আগে আইনি লড়াইয়ে নওগাঁয় ১০ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে ৭ জন যোগদান করেন ।