
নিউজ ডেস্ক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পরাজিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর হামলায় ওসি (তদন্ত) জামাল উদ্দিনসহ পুলিশের চার সদস্য ও নবনির্বাচিত ইউপি সদস্য গণি মিয়াসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ভাজনডাঙ্গা (গলনার চর) এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফুলছড়ি থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন (৫৫), কনস্টেবল বিপু আহম্মেদ (৩২), আনারুল হক (৩০), নুর আলম (৩১) ও জাবেদ মিয়াকে (৩২) ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া নবনির্বাচিত ইউপি সদস্য গণি মিয়া (৪৪) ও তার বড় ভাই আবদুর রহমানের (৫৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার জানান, ৪ জুন নির্বাচন শেষে গজারিয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার প্রার্থী গণি মিয়ার কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর করে পরাজিত মেম্বার প্রার্থী বেলাল হোসেন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলীর কর্মী-সমর্থকেরা।
এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হলে ওসি (তদন্ত) জামাল উদ্দিন ঘটনাটি তদন্ত করতে চার পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর ভাজনডাঙ্গা যান। তদন্ত চলাকালে লাঙল প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ও পরাজিত মেম্বার প্রার্থী বেলাল হোসেনের সঙ্গে নবনির্বাচিত গণি মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা গণির ওপর হামলা চালায়।
এ সময় ওসিসহ পুলিশ সদস্যরা গণিকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা তাদের কর্মী-সমর্থকেরা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায়। এতে ওসি জামাল উদ্দিন, পুলিশের চার সদস্য, ইউপি সদস্য গণি মিয়া তার ভাই ও তাদের পক্ষের ১০ জন আহত হন। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ ঘটনায় ফুলছড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।