
রবিউল ইসলাম সুমন: মাহে রমজান উপলক্ষে রাজধানী ঢাকা রূপ নিয়েছে ইফতারির বাজারে । ঢাকায় ইফতারির বাজার বলতে বুঝায় পুরান ঢাকার চকবাজারকে । যেখানে প্রায় একশ রকমের বাহারি ইফতার পাওয়া যায়। ঢাকার বিভিন্ন স্থানে ইফতারি বিক্রি হলেও ঐতিহ্যবাহী আর বাহারি ইফতারের জন্য চকবাজারের বিকল্প নেই ।
পহেলা রোজা থেকে শুরু হয়েছে এই ইফতারির বাজার। গতকাল চকবাজার গিয়ে দেখা যায় ,দুপুরের পর থেকেই রাস্তার পাশেই শামিয়ানা টানিয়ে শত শত ইফতারির দোকান বসেছে এবং বিক্রি হচ্ছে দেদারছে। ইফতারি কেনার জন্য দূরদূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুরান ঢাকার চকবাজারে এসে থাকে । ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, দোকানের বিক্রেতারাও ব্যস্ত হয়ে পড়ে ।
চকবাজারে ইফতারির এ আয়োজন মুঘল আমল থেকে শুরু হয়ে এখনও চলছে। তাই বাড়িতে নানা আয়োজন থাকলেও এখানকার ইফতারির কদর সবসময় আলাদা । রামপুরা থেকে চকবাজারে ইফতারি কিনতে এসেছেন জাহিদুল । জাহিদুল বলেন, চকবাজারে অনেক রকমের ইফতারি পাওয়া যায়, যা ঢাকার অন্য কোথাও পাওয়া যায় না । আমি প্রতি বছরই এখানে ইফতারি কিনতে আসি ।
বিকেলে চকবাজার শাহী মসজিদের সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন দোকানে নানা রকমের ইফতারি সাজানো রয়েছে । এর মধ্যে বড় বাপের পোলায় খায়, মেজবানি মুরগি. সুতি কাবাব,শাহী কাবাব,বেগুনি,মুরগির ফ্রাই, আস্ত খাসির রান,ডিমের সাচলিচ, কোয়েল কাবাব, জালি কাবাব, নার্গিস কাবাব, শাহী হালিম,শাহী জিলাপি, মাংসের পরটাসহ প্রায় একশ রকমের ইফতারির দেখা মিলবে। চকবাজারের এসব খাবার ঢাকা এবং ঢাকার বাইরের মানুষের কাছে অনেক প্রিয় ।
ক্রেতাদের নজর কাড়তে মাঝে মাঝে বিক্রেতারা হাক দিচ্ছে , বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায় । ‘ বড় বাপের পোলায় খায়’ ৩২ টি আইটেম দিয়ে তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার, যা ৪০০ টাকা কেজি বিক্রি হয় ।
চকবাজারের শাহী হালিম স্বাদে অতুলনীয় । মাটির হাড়িতে ২০০ টাকা থেকে ৫০০ টাকা ধরে বিক্রি হয় এ হালিম ।
মানুষ অনেক দূর থেকে মানুষ চকবাজারে ছুটে আসে শাহী জিলাপির খোজে । ইফাতারির পাশাপাশি জিলাপির কদরও সবার কাছে আলাদা| একেকটা জিলাপি এক কেজি থেকে ৫ কেজি পর্যন্ত হয়ে থাকে । কেজি প্রতি দাম ১৬০ থেকে ১৮০ টাকা । ছোট জিলাপি ১২০ টাকা । এছাড়াও বোট বুট ১৭০ টাকা, ঘুগনি ৮০ টাকা, খোরমা খেজুর ২১০ টাকা কেজি ধরে বিক্রি হয় ।