
নিউজ ডেস্ক : অপহরণের অভিযোগের সংবাদ সংগ্রহের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে গত বুধবার রাতে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া অভিযুক্ত অপহরণকারীকে ঘটনাস্থল থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
আহত সাংবাদিক মো. শফিকুল ইসলাম অনলাইন সংবাদমাধ্যম বিডি নিউজ টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তিনি বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সহসাধারণ সম্পাদক এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪২ তম ব্যাচের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মোটরসাইকেল থেকে এক তরুণী (২৫) লাফ দেন। এ সময় মোটর সাইকেল চালক গোলাম সারোয়ার (৩২) মোটরসাইকেল থামিয়ে ওই তরুণীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনা দেখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় ওরফে টিটু, সাংবাদিক শফিকুল ইসলাম ও আশপাশের লোকজন এগিয়ে যান। এসময় ওই তরুণী শফিকুলের কাছে গোলাম সারোয়ারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন।
এ সময় মহিতোষ এক পাশে গিয়ে একান্তে সারোয়ারের সঙ্গে কথা বলতে চান। কিন্তু শফিকুল এতে বাধা দিয়ে সবার সামনে কথা বলতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে শফিকুলকে গালিগালাজ করে সেখান থেকে চলে যান মহিতোষ। কিছুক্ষণ পর মহিতোষ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় মহিতোষ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ইকরাম উদ্দিন ওরফে অমিরের নেতৃত্বে ছাত্রলীগের কর্মী সুব্রত কুমার সাহা, প্রীতম, আরিফসহ আট-নয়জন রড, শিকল ও তালা দিয়ে শফিকুলকে বেধড়ক মারধর করেন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে মারধরের ঘটনার কিছুক্ষণ আগে শফিকুলের মুঠোফোনে ফোন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ওরফে চঞ্চল। এ সময় তিনি সারোয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে শফিকুলকে অনুরোধ করেন। এর কিছুক্ষণ পরই তিনি ছাত্রলীগের কর্মী শামীম মোল্লাকে ঘটনাস্থলে পাঠান। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সেখানে যান। তিনি মহাসড়কে দায়িত্বরত আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নাজমুল হকের জিম্মায় ওই তরুণীকে তুলে দেন। এর মধ্যেই শামীম ঘটনাস্থল থেকে সারোয়ারকে নিয়ে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন।
এরপর রাত আড়াইটার দিকে ওই তরুণীকে আশুলিয়া থানা থেকে তেজগাঁও থানায় পাঠানো হয়। এ সময় ওই তরুণীর সঙ্গে তাঁর ভাই ছিলেন। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মশিউর রহমান গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান এ ঘটনায় ওই তরুণী সারোয়ারকে আসামি করে মামলা করেছেন।
ঘটনা জানাজানি হওয়ায় গত বুধবার রাতেই মহিতোষকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মারধরের বিষয়ে জানতে মহিতোষের মুঠোফোনে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। আর ইকরাম উদ্দিন মুঠোফোন ধরেননি। সুব্রত কুমার বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। প্রীতম আরিফ বলেন, ‘আমি মারিনি, বরং থামিয়েছি।’