
নিউজ ডেস্ক: জঙ্গি ও সন্ত্রাসীদের দমনে সারা দেশে পুলিশের ‘সাঁড়াশি অভিযানে’র প্রথম দিনে এক হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের বেশির ভাগ বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী, মাদক ব্যবসায়ী বা বিভিন্ন মামলার আসামি।
গত বৃহস্পতিবার মধ্যরাতে এই অভিযান শুরুর পর সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ‘চরমপন্থী’ দলের সদস্য।
দেশের বিভিন্ন জেলায় সন্দেহভাজন উগ্রপন্থীদের হাতে একের পর এক হত্যাকাণ্ড এবং বিশেষ করে ৫ জুন চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম খুনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক বৈঠকে দেশব্যাপী বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এই অভিযান চলবে এক সপ্তাহ।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হত্যাকাণ্ডের জন্য জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। বেশির ভাগ খুনের ঘটনায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে।
বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানী ঢাকাতেও তল্লাশি জোরদার করা হয়েছে। গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া গেছে ঢাকা এবং অন্য ১৮টি জেলা থেকে।
তবে অভিযানের প্রথম দিনে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কোনো সদস্য ধরা পড়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা। এ বিষয়ে যোগাযোগ করা হলে সদর দপ্তরের জনসংযোগ শাখার এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে আজ শনিবার।