
নিউজ ডেস্কঃ যারা গুপ্তহত্যার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এদের খুঁজে আমরা বের করব। বাংলাদেশে যাবে কোথায়? কেউ পার পাবে না। বাংলাদেশ ভূখণ্ডের দিক দিয়ে ছোট। এখানে সবাই সবাইকে চিনতে পারে বা জানতে পারে। এগুলো খুঁজে বের করা কনো কঠিন কাজ না। এর শাস্তি তারা পাবেই। আজ আওয়ামিলীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে এ কথা বলেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
শেখ হাসিনা বলেন, সরকার যদি প্রকাশ্যে হত্যা বন্ধ করতে পারে, তাহলে এই গুপ্তহত্যাও বন্ধ করতে পারবে, সময়ের ব্যাপার মাত্র । তিনি বলেন, গত ১ বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাকটিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিষ্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হন। বাংলাদেশে এসব হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা চলছে। এসব হত্যাকাণ্ডে আইএস ও আল-কায়দার মতো জঙ্গিগোষ্ঠীর নামে দায় স্বীকারের বার্তা হলেও সরকার তা নাকচ করছে ।
গুপ্তহত্যা বন্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যখন আঘাত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়া করে দেখবেন না। বরং সবাই একজোট হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা সাথে থাকব। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে থাকবে। বিএনপি-জামায়াত জোটের সহিংস রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার মতো গুপ্তহত্যাও প্রতিহত করার আহ্বান জানান তিনি। যারা এগুলো করে পালাতে চাইবে.. রাস্তায় যারা থাকে, আমি তাদের বলব, এদের অন্তত ধরার চেষ্টা করবেন। তাদেরকে প্রতিরোধ করবেন। ঠিক যেভাবে করেছিলেন, ২০১৫ এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত।
গুপ্তহত্যায় জড়িতদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী বলেন, আজকে পুলিশের পরিবারের ওপর আঘাত করা হয়েছে। যারা এটা করে, তারা ভুলে যায় কেন যে তাদেরও পরিবার আছে। তাদেরও বাবা-মা আছে, ভাই-বোন আছে, ছেলে-মেয়ে আছে। আঘাত দিলে প্রতিঘাত কিন্তু পেতেই হবে। তারা কী তাদের পরিবারকে এভাবে বিপদে ফেলতে চায়? জঙ্গিবাদী কার্যক্রমে যেন সন্তানরা জড়িয়ে না পড়ে, সে জন্য অভিভাবকদের সজাগ থাকার আহ্বানও জানান তিনি ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি গুপ্তহত্যার জন্য সরকারি দলকে দায়ী করেছেন। তার বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, খুন করার অভ্যাস আমার নাই। তার আছে। তারা আমাকে খুন করার চেষ্টা করেছে। বিভিন্ন সময়ে নিজের ওপর হামলার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, যেদিন থেকে বাংলাদেশে যেদিন পা দিয়েছি, সেদিন থেকে শুরু। এমন কোনো জেলা নেই যে, আমাকে বাধা না দিয়েছে, আক্রমণ না করেছে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, সরকারের মদদ না থাকলে, তার নিজের মদদ না থাকলে, তার ছেলের মদদ না থাকলে, এই ধরনের হামলা হয় কীভাবে? যে গ্রেনেড যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়, প্রকাশ্য দিবালোকে সে গ্রেনেড ব্যবহার করা হয়েছে ঢাকা শহরের রাজপথে।