News71.com
 Bangladesh
 12 Jun 16, 04:59 PM
 594           
 0
 12 Jun 16, 04:59 PM

গাজীপুর-এয়ারপোর্ট রোডে প্রতি ঘণ্টায় যাতায়াত করবে প্রায় ২৫ হাজার যাত্রী: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

গাজীপুর-এয়ারপোর্ট রোডে প্রতি ঘণ্টায় যাতায়াত করবে প্রায় ২৫ হাজার যাত্রী: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

নিউজ ডেস্কঃ গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকাকে যানজটমুক্ত করতে বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) গাজীপুর-এয়ারপোর্ট লাইন নির্মাণ করা হচ্ছে। আর এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২৫ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত বৃহস্পতিবার (৯ মে) গাজীপুরে বিআরটি বাস ডিপো নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, চলতি মাসে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ২০ কিলোমিটার দীর্ঘ পথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪০ কোটি টাকা। এতে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে প্রায় ১০২ কোটি টাকা। তবে এ ব্যয় আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ২০ কিলোমিটার এ প্রকল্পে ২৫টি স্টেশন, ২টি টার্মিনাল, ৮ লেন বিশিষ্ট একটি সেতু, ৮টি কাঁচাবাজার, ১১৩টি সংযোগ সড়ক, ২০ দশমিক ৫০ কিলোমিটার ফুটপাত, একটি বাস ডিপো এবং এয়ারপোর্ট, জসিম উদ্দিন রোড, কুনিয়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় মোট ৬টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। ২০১৯ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও প্রকল্পের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

প্রকল্পের কর্মকর্তারা জানান, ৮ হাজার বর্গমিটারের বিআরটি এর বাস ডিপোটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি টাকা। এর মধ্যে দুইতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ৫ হাজার বর্গমিটার পার্কিং এলাকা, তিন হাজার বর্গমিটার ওয়ার্কশপ সেড নির্মাণ ও ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। বর্তমানে এ প্রকল্পের ১৫ ভাগ সম্পন্ন হয়েছে।

জানা যায়, চাহিদার তুলনায় রাজধানীতে নাগরিক সুবিধা বিশেষ করে কার্যকর ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা একেবারেই অপ্রতুল। আবার গাজীপুর থেকে টঙ্গী ও উত্তরা পর্যন্ত যানজটও ভয়াবহ আকার ধারণ করছে। তাই ঢাকা নগরীর পরিবহন সমস্যা দূর করতে গত ২০০৫ সালে বিশ্বব্যাংক একটি সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষায় ৬টি করিডোর চিহ্নিত করা হয়। তার মধ্যে ৩টি করিডোরে ম্যাস র্যা পিড ট্রান্সজিট (এমআরটি) বা মেট্রোরেল এবং ৩টি করিডোরে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন স্থাপনের মাধ্যমে পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য সুপারিশ করা হয়।

এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকও ২০১১ সালে বিআরটি স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে গাজীপুর-এয়ারপোর্ট সড়ক সম্ভাব্য হিসেবে বিবেচনা করে। এরই অংশ হিসেবে সরকার গাজীপুর-এয়ারপোর্ট ২০ কিলোমিটার লাইন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে।

এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে সড়ক ও জনপথ অধিদফতর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন