
নিউজ ডেস্ক:চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ড তদন্তে পাঁচটি কমিটি গঠন করেছে পুলিশ। চারজন অতিরিক্ত উপ-কমিশনার এবং একজন সহকারী কমিশনারকে প্রধান করে কমিটিগুলোতে মোট ৩৫ জন কর্মকর্তাকে সম্পৃক্ত করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে আজ রবিবার নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোক্তার আহমেদ বলেন, হত্যাকাণ্ডের পরদিনই এই সব কমিটি করা হলেও তা প্রকাশ করা হয়নি।
তিনি জানান, সিএমপির ‘দক্ষ’ কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা, আসামিদের জিজ্ঞাসাবাদ, সিডিআর পর্যালোচনা, ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে এসব কমিটি গঠন করা হয়েছে। তদন্তে এসব কমিটি করা হলেও খুনিদের ধরতে মহানগর পুলিশের সব সদস্য কাজ করছেন বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
এ ছাড়াও নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনানকে প্রধান করে তথ্য সংগ্রহ এবং দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফকে প্রধান করে সিডিআর পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, তথ্য সংগ্রহ কমিটিতে নয়জন, ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা কমিটিতে পাঁচজন এবং অন্য কমিটিগুলোতে সাতজন করে সদস্য রাখা হয়েছে।
তিনি আরো বলেন, “তদন্তের পাঁচটি কমিটির তদারকির দায়িত্ব আমাকে এবং সার্বিক তদারকির দায়িত্ব অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্যকে দেওয়া হয়েছে।” এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নাজমুল হাসানকে প্রধান করে অভিযান পরিচালনা কমিটি, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) হুমায়ুন কবিরকে প্রধান করে জিজ্ঞাসাবাদ এবং সহকারী কমিশনার (আইসিটি) জাহাঙ্গীর আলমকে প্রধান করে গঠিত কমিটিকে ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরীর জেইসি মোড়ে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। এসব কমিটিত বিভিন্ন থানার ওসিদের পাশাপাশি বিভিন্ন স্তরের সদস্যদেরও রাখা হয়েছে। গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরীর জেইসি মোড়ে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।