
নিউজ ডেস্ক: লীফামারীর জলঢাকা উপজেলায় বোরো ধান সংগ্রহে কৃষকের তালিকা কম হওয়ার অভিযোগে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামানকে লাঞ্চিত করেছেন উপজেলার কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহরাব হোসেন। আজ রবিবার দুপুরে এ অভিযোগ করেন ওই কৃষি কর্মকর্তা।
জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান অভিযোগ করে বলেন, ‘রবিবার দুপুর দেড়টার দিকে কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন আমার কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় বোরো ধান সংগ্রহে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে কম কৃষকের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ তুলে তিনি টেবিলে থাকা ডেক্স ক্যালেন্ডার হাতে নিয়ে আমাকে এলোপাথারী মারতে থাকেন। এতে আমার ভ্রু ও মুখের বিভিন্ন স্থানে কেটে যায়।এর পর আমার কার্যালয় থেকে বাইরে এসে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরেন্দ্র নাথ রায় ও জাহাঙ্গীর আলমের ওপর চড়াও হন তিনি। বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি, এখনো মামলা করিনি।’
তবে কাঁঠালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে প্রায় দেড় হাজার মানুষ বসবাস করেন। তারা প্রায় সকলেই কৃষক। সেখানে ছয়জন কৃষকের তালিকা করেছে উপজেলা কৃষি বিভাগ। যার মধ্যে চারজনই ভূমিহীন।
আমি এর প্রতিবাদ করতে গেলে কৃষি কর্মকর্তা মারডাঙ্গের নাটক সাজায়। সেখানে মারডাঙ্গের কোনো ঘটনাই ঘটেনি।’ জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিসের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিরওয়ার হাসান ইনাম বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি বোরো ধান সংগ্রহ অভিযানে জেলার জলঢাকা উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকদের সরকারি খাদ্য গুদামে সরাসরি ধান সরবরাহের জন্য দুই হাজার ১৭৬ মেট্রিক টন বরাদ্ধ দেওয়া হয়। এর মধ্যে কাঁঠালী ইউনিয়নের জন্য বরাদ্ধ দেওয়া হয় প্রায় ২৫০ মেট্রিক টন।