News71.com
 Bangladesh
 13 Jun 16, 11:02 AM
 540           
 0
 13 Jun 16, 11:02 AM

বিএনপিতে এক নেতা এক পদ’ নিয়ে কিছুতেই সমঝোতা হচ্ছে না.....

বিএনপিতে এক নেতা এক পদ’ নিয়ে কিছুতেই সমঝোতা হচ্ছে না.....

নিউজ ডেস্ক: ‘এক নেতার এক পদ’ নিয়ম কার্যকর করা দুরূহ হয়ে পড়ছে বিএনপিতে। শতাধিক নেতার একাধিক পদ থাকলেও বেশির ভাগই তা ছাড়তে নারাজ তৃণমূলে বিপর্যয় হবে এই অজুহাতে। এ ছাড়া বেশির ভাগ নেতাই উদাহরণ হিসেবে সামনে টেনে আনছেন রুহুল কবীর রিজভী আহমেদের বিষয়টি। কারণ সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ার পরও তিনি দলের দপ্তর সম্পাদকের পদ আঁকড়ে রয়েছেন।

এ নিয়ে দলের সর্বস্তরে কথা হচ্ছে। গত ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের গঠনতন্ত্রে ‘এক নেতার এক পদ’ নীতি সংযোজিত হয়। এরপর গত ৩ জুন চেয়ারপারসন খালেদা জিয়া একাধিক পদ ছাড়ার ব্যাপারে তাঁর কঠোর নির্দেশনার কথা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে নেতাদের জানান।

তাঁর এ নির্দেশনার ১০ দিন পর গতকাল পর্যন্ত মাত্র চারজন একাধিক পদে না থাকার কথা চিঠি দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়েছেন। তাঁরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সহদপ্তর সম্পাদক আবদুল আউয়াল খান ও আবুল হাশেম বক্কর।

এর আগে মহাসচিব হওয়ার পর বাড়তি পদ ছাড়েন মির্জা ফখরুল। মিন্টু ঢাকা মহানগরী বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়কের পদ থেকে, আলাল যুবদলের সভাপতির পদ থেকে, আউয়াল মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে বক্কর নব ঘোষিত কমিটির সহসাংগঠনিক সম্পাদকের পদ ছেড়ে চট্টগ্রাম মহানগরী বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এ ছাড়া নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মৌখিকভাবে জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরী বিএনপির সভাপতি করা হলে তিনি ওই পদ ছেড়ে দিতে রাজি আছেন। এই চারজনের বাইরে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হওয়ার পরের দিনই দুটি পদ থেকে পদত্যাগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন