
নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম কয়েকটি গ্রামে ব্যাপক হারে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে পাওয়া খবরে জানা গেছে, ওই সব এলাকায় কমপক্ষে শ’ খানেক মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে।
গত শনিবার ও রবিবার দু’দিনে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে তিন শিশুর। এদের মধ্যে দুজন গ্রামের বাড়িতে এবং অন্যজন মারা গেছে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পর। স্বাস্থ্য বিভাগ বলেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ষা মৌসুমে চিকিৎসা কর্মীরা আক্রান্ত এলাকাগুলোতে যেতে পারছে না।
তবে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ওষুধপত্রসহ স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত এলাকাগুলোতে পাঠানো হবে। রেমাক্রি ইউনিয়নের সদস্য মং চিং মারমা জানান, গ্রুপিং পাড়া, অং হ্লাই পাড়া, রেমাক্রি বাজার পাড়া, প্লেদং পাড়া এবং ছোট মদক পাড়াসহ আশপাশের কয়েকটি পাড়ায় ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে।
তিনি আরো জানান, ম্যালেরিয়ায় ভুগে বিনা চিকিৎসায় গত শনিবার গ্রুপিং পাড়ায় ৭ বছরের শিশু মং পু সে এবং ছোট মদক পাড়ার ৬ বছরের শিশু অং থুই মারমার মৃত্যু হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায় , থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং মেডিক্যাল অফিসার নিয়োজিত থাকলেও ইনডোর বিভাগ চালু না থাকায় তাদের কেউ সেখানে যান না।
ফলে ইউনিয়ন এলাকায় না গিয়ে জেলা বা উপজেলা সদরে বসেই তারা সরকারি দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন ডা. অং সুই প্রু জানান, একটি সরকারি প্রশিক্ষণে থানচির ইউএইএফপিও ডা. মং টিং ঞো এবং কয়েকজন স্বাস্থ্যকর্মী বান্দরবান জেলা সদরে রয়েছেন। আগামীকাল মঙ্গলবারই তারা ফিরে যাবেন।
তিনি জানান, দুর্গম এলাকায় নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে বিপুল পরিমাণ পরিবহন ব্যয় গুণতে হয়। অথচ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাতেও প্রকল্প বাস্তবায়নে সমতল এলাকার অনুরূপ ‘সিডিউল রেট’ চালু থাকায় এসব এলাকায় নির্মাণ কাজ করতে কোন ঠিকাদার রাজি হচ্ছে না। ডেপুটি সিভিল সার্জন আরো জানান, তিন্দু এবং রেমাক্রি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্যে বারবার টেন্ডার আহ্বান করা হয়েছে।
তাতে ঠিকাদারদের সাড়া মিলছে না। প্রসঙ্গত, বর্ষা মৌসুমে বান্দরবানের রুমা, থানচি এবং আলীকদমের দুর্গম এলাকাগুলোতে ম্যালেরিয়া ও ডায়রিয়া ছড়িয়ে পড়ে। এতে প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটে। এ সময়ে সামরিক হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকাগুলোতে ওষুধপত্র ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়। তবে গত তিন দশকেও এ অবস্থা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ এখনও গৃহিত হয়নি।