
নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ‘খ’ সেটের স্থলে ভুল করে ‘ক’ সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীরা। শিক্ষার্থী, অভিভাবক ও নাজমুল স্মৃতি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) রসায়ন, ইসলামের ইতিহাস ও সাধারণ ইতিহাসের দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
এ পরীক্ষায় ঢাকা বোর্ডের সকল কেন্দ্রে ‘খ’ সেট প্রশ্নে পরীক্ষা হলেও কর্তৃপক্ষের ভুলের কারণে নালিতাবাড়ী কেন্দ্রে ‘ক’ সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী-অভিভাবকরা গতকাল রবিবার রাতেই পরীক্ষা কেন্দ্রের হল সুপার নাজমুল স্মৃতি মহবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে এম মোয়াজ্জেম হোসেনকে বিষয়টি অবহতি করেন। পরে তিনি খোঁজ-খবর নিয়ে বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন।
এরপরে আজ সোমবার তিনি একটি লিখিত আবেদন নিয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যান। এদিকে, পরীক্ষায় অংশগ্রহণকারীরা বিষয়টি সংশোধন করতে ও এর প্রতিবাদে দুপুরে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে থানা থেকে পরীক্ষার প্রশ্নপত্র আনতে কেন্দ্রের হল সুপারের পক্ষে প্রভাষক মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ জামাল ও শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের পক্ষে প্রভাষক আবুল কালাম আজাদ ১২ জুনের প্রশ্নপত্রের স্থলে ভুলবশত ১২ মে'র প্রশ্নপত্রের খাম খুলে ‘ক’ সেট দেখতে পান।
সে অনুযায়ী বিজ্ঞান বিভাগের রসায়ন দ্বিতীয় পত্রের ১২১ জন ও মানবিক বিভাগের ইসলামের ইতিহাসের ৫০০জন ও সাধারণ ইতিহাসের ৭৭ জন পরীক্ষার্থী ‘খ’ সেটের স্থলে ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। উল্লেখ্য, গত ১২ মে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি অনির্দিষ্টকারণ বশত পিছিয়ে ১২ জুন করা হয়েছিল। ১২ মে’র পরীক্ষার জন্য নির্ধারিত ছিল ‘ক’ সেটের প্রশ্ন এবং পিছিয়ে যাওয়া ১২ জুনের পরীক্ষার জন্য ছিল ‘খ’ সেটের প্রশ্নপত্র। নাজমুল স্মতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের একজন পরীক্ষাথী বলেন,‘এটা কর্তৃপক্ষের গাফলতির কারণে এমন হয়েছে।
পরীক্ষার্থীদের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি।’ এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্রের হল সুপার একে এম মোয়াজ্জেম হোসেন ভুলক্রমে ১২ জুনের স্থলে ১২ মে’র প্যাকেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের যেন কোন প্রকার ক্ষতি না হয় তার জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছি। আশা করছি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না।