
নিউজ ডেস্কঃ সাময়িক বন্ধের ঘোষণার পর রংপুরে বেসরকারি নর্দার্ন মেডিকেল কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের চেয়ারম্যানের কার্যালয় ও ক্যাম্পাসে অবস্থিত তাঁর বাড়ির জানালার কাচ ভাঙচুর করেছে।গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গতকাল রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় স্বাস্থ্যমন্ত্রী নর্দার্ন মেডিকেলসহ দেশের তিনটি মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ দেন।এমন ঘোষণায় নর্দার্নের চার শ শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানের কার্যালয় ও বাড়ির কাচ ভাঙচুর করেন।
কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর ধরে এখানে পড়ালেখা করছি। তেমন কোনো অসুবিধা হয়নি। এখন শুধু বাকি ফাইনাল পরীক্ষা। অথচ কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।’এক শিক্ষার্থীর অভিভাবক আবু রায়হান বলেন, লাখ লাখ টাকা খরচ করে আমার সন্তানসহ আরও অনেকেই সন্তানকে এখানে ভর্তি করিয়েছেন। শেষ বর্ষের ফাইনাল পরীক্ষার শুরু হওয়ার আগেই এভাবে বন্ধ ঘোষণা করায় আমরা বেশ দুশ্চিন্তায় পড়ে গেছি।
রংপুর নর্দার্ন মেডিকেল কলেজের পরিচালক সেরাফুল হোসেন মুঠোফোনে বলেন, ‘আমরা নীতিমালা অনুযায়ী কলেজ পরিচালনা করছি। এরপরও কোনো প্রকার সমস্যা থাকলে তা সমাধানের জন্য সময় দেওয়ার প্রয়োজন ছিল। কেননা এখানে বর্তমানে চার শ শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন আট শ জন। কোনো কিছু না জানিয়ে হঠাৎই এমন সিদ্ধান্তে আমরাও হতভম্ব হয়ে পড়েছি।
এ ব্যাপারে রংপুর নর্দার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, এখনো মন্ত্রণালয়ের কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। শুধু পত্রিকা ও টিভি মারফত জানতে পেরেছি। তবে উদ্ভূত সমস্যা সমাধানে চেয়ারম্যানসহ পরিচালকরা ঢাকায় গেছেন। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম কলেজে ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’