
নিউজ ডেস্কঃ অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন ২ জেল সুপারসহ সুপ্রিম কোর্টের ১ অ্যাডভোকেট অন রেকর্ড। আজ ক্ষমা প্রার্থনার পর তাদেরকে সতর্ক করে অব্যাহতি দেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।
অর্থপাচারের অভিযোগে গত ০২ই জানুয়ারি রামপুরা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় গত ৮ই মে ৫ আসামিকে জামিন দেন হাইকোর্ট। গত ১৬ই মে জামিননামা কারাগারে পৌঁছার পর ২ আসামিকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুনের একটি চিঠির পরিপ্রেক্ষিতে অপর ৩ আসামি- গিয়াস উদ্দিন, আমিনুর রহমান ও ওসমান গণিকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। ওই চিঠিতে বলা হয়, রাষ্ট্রপক্ষ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।
পরে আসামীপক্ষের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া ও আদিলুর রহমান খান বিষয়টি হাইকোর্টের নজরে আনেন। এরপর গত ০৫ই জুন হাইকোর্ট তাদেরকে তলব করেন। একইসঙ্গে জামিননামা দাখিলের পরও অর্থপাচার মামলার ৩ আসামির কারামুক্তি কোন কর্তৃত্ববলে বাধাগ্রস্থ করা হয়েছে তা জানতে চান হাইকোর্ট।
এ তলবের প্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, গাজীপুর কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা ও অ্যাডভোকেট অন-রেকর্ড সুফিয়া খাতুন গত ০৯ই জুন স্বশরীরে আদালতে উপস্থিত হন। ওইদিন আদালত তাদেরকে ১৩ই জুন লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ১৩ই জুন লিখিত ব্যাখ্যা দেওয়ায় এ বিষয়ে আদেশের জন্য ১৫ই জুন দিন ধার্য করেন। আইনজীবীরা জানান, ক্ষমা চাওয়ার পর আজ আদালত তাদেরকে এ বিষয়ে সতর্ক করে অব্যাহতি দেন।