
নিউজ ডেস্ক: সাগরে মাছের প্রাচুর্যতা দেখা দিলেও মিলছে না চাহিদা মত বরফ। ঘাটে সকল প্রস্তুতি নিয়ে বসে আছে শতশত সমুদ্রগামী মাছ ধরার ট্রলার। অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের কারণে বরফ কলগুলি বরফ তৈরি করতে পারছে না।
জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটা দক্ষিণাঞ্চলের বৃহত্তম মৎস্য পাইকারি বাজার। প্রতিদিন শতশত মন ইলিশ মাছ সাগর থেকে আহরণ করে বাজারে বিক্রি হয়। কিন্তু বরফ না থাকায় ট্রলার মালিকগণ বাজার সওদা করে প্রস্তুতি নিয়ে বসে আছে, কিন্তু বরফ কলগুলি বরফ সরবরাহ দিতে না পারায় বসে আছে জেলেরা।
উল্লেখ্য, ইলিশ মৌসুম শুরু হয়েছে। বঙ্গোপসাগরেও পর্যাপ্ত মাছের প্রাচুর্যতা দেখা দিয়েছে। কিন্তু পর্যাপ্ত বরফের অভাবে সাগরে যেতে পারছে না ট্রলার মালিকগন। সাগরে মাছ ধরার পর পুনরায় ঘাটে ফিরতে ১০/১৫ দিন মাছ সংরক্ষণের জন্য বরফ অতি আবশ্যক।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, স্থানীয় বরফ কলে বরফ স্থানীয় চাহিদা পূরণে সক্ষম কিন্তু কলগুলি বরফ তৈরি করতে না পারায় ৫০ থেকে ১০০ কিলোমিটার দূর থেকে গিয়ে বরফ আনতে হচ্ছে। পারেরহাট ও বাগেরহাট যেতে হচ্ছে ।
পাথরঘাটা শহরের খুচরা বাজারের মাছ বিক্রেতা আল আমিন বলেন, ট্রলার সাগরে যেতে পারছে না বরফের অভাবে তাই দাম একটু চড়া। এ ব্যাপারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর পাথরঘাটা কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. সোলায়মান শেখ জানান, মাছ আহরণ মৌসুম শুরু হয়ে গেছে কিন্তু স্থানীয় বরফ কলগুলো বরফ সরবরাহ দিতে পারছে না। তিনি আরো জানান, বিএফডিসি'র নিজস্ব বরফ কল ছাড়াও বেসরকারি উদ্যোক্তাদের ২২টি বরফ কল রয়েছে।
একবার সলিড (জমাট বাধা) বরফ তৈরিতে একটানা ৪৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ দরকার। কিন্তু পাথরঘাটায় সারা দিন বিদ্যুৎ থাকে না। সন্ধ্যা ৭টার পর সরবরাহ চালু হলে আবার চলে লোডশেডিং তামাশা। সে কারণে ২৪ ঘন্টায় মাত্র ৭/৮ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় যে কারণে জমাট বাধা বরফ সরবরাহ দিতে না পারায় জেলেরা হতাশ হচ্ছে। গত তিন মাস যাবৎ চলছে এ অবস্থা। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়াস্থ ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম সরোয়ার মোর্শেদ জানান, সরবরাহ লাইন সম্প্রসারণ কাজের জন্য সারা দিন বন্ধ রাখতে হচ্ছে।