
নিউজ ডেস্কঃ পাবনায় জীবন কুমার সুত্রধর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন স্পেশাল দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে পাবনা স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার শ্রী স্বপন বসাকের ছেলে সৌহার্দ বসাক সুমন, শ্রী অনিল কুমারের ছেলে মানিক কুমার, আব্দুল জলিল দিপুর ছেলে আমিনুল ইসলাম মিন্টু, শ্রী নারায়ন কুমার দাসের ছেলে তাপস কুমার দাস ও পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামের ইছহাক আলীর ছেলে ইমরান হোসেন।
পাবনা স্পেশাল দায়রা জজ আদালতের স্পেশাল পিপি আব্দুর রকিব মামলার এজহারের বরাত দিয়ে বলেন, ২০০৫ সালের ২৬ আগষ্ট জন্মাষ্টমির দিনে শালগাড়িয়া মহল্লার কাঠমিস্ত্রি দুলাল চন্দ্র সুত্রধরের ছেলে জীবন কুমার সুত্রধরকে মাদক দ্রব্য ক্রয়ের জন্যে ওই যুবকরা টাকা দেয়। পরে জীবন মাদক না কিনে টাকা অত্মসাৎ করায় তারা জীবনকে এডওয়াযর্ড কলেজ ক্যাম্পাসে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
পরদিন জীবনের বাবা দুলাল চন্দ্র সুত্রধর বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ জনের নাম উল্লেখ করে চার্জশীট প্রদান করেন। ইতোপূর্বে ২ জন এই মামলা থেকে খালাস পায়। দীর্ঘ শুনানী শেষে পাবনা স্পেশাল দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক লিয়াকত আলী মোল্লা মঙ্গলবার ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।
মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল দায়রা জজ আদালতের স্পেশাল পিপি আব্দুর রকিব। এছাড়া আসামি পক্ষের আইনজীবী ছিলেন সনদ কুমার সরকার।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী সনদ কুমার সরকার বলেন, এই ঘটনার পর এলাকায় শালিসী বৈঠকে সমঝোতা হলেও ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কারনেই বিচারক এই রায় প্রদান করেন।