
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের মতে, আজ সারাদিন ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফলে নগরবাসী আজ বৃষ্টিহীন একটি দিন পার করবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রাজধানী ও এর আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে।