
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করার পর তাইওয়ান নিজেদের ‘সার্বভৌম ও স্বাধীন’ রাষ্ট্র হিসেবে দাবি পুনর্ব্যক্ত করেছে।বেইজিংয়ে দুই দিনের বৈঠক শেষে ট্রাম্প বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান নিয়ে তিনি ‘কোনো দিকেই প্রতিশ্রুতি দেননি’। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করবেন কি না, সে সিদ্ধান্ত তিনি শিগগির নেবেন। যুক্তরাষ্ট্রের আইনে তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করতে সহায়তা করার বাধ্যবাধকতা রয়েছে। তবে একই সঙ্গে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও বজায় রাখতে হয়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এর আগে বলেছেন, আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান নিজেকে আগেই সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।
শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারেন কুও বলেন, তাইওয়ান যে ‘সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ’, তা ‘স্বতঃসিদ্ধ’। তবে তিনি বলেন, চীনের সঙ্গে বর্তমান অবস্থা বজায় রাখতে তাইপে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ, তাইওয়ান চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করবে না এবং একীভূতও হবে না।