
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে হিমালয়ের তুষারধসে কমপক্ষে ১৫ জন অভিযাত্রীকর্মী নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে একটি পর্বতশিবিরে তুষারধসে চাপা পড়া মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নেপাল ন্যাশনাল মাউন্টেইন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং জানান, গত রোববার ভোরে চীন সীমান্তের কাছাকাছি অবস্থিত ৭,১২৬ মিটার (২৩,৩৩৫ ফুট) উচ্চতার হিমলুং শিখরের বেস ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। সেখানে পরবর্তী অভিযানের জন্য তাঁবু টানানো এবং রশি বাঁধার কাজ করছিলেন নেপালি কর্মীরা।
তুল সিং গুরুং বলেন, আজ যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলো হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, নিখোঁজ থাকা অপর একজন কর্মীকে জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং উদ্ধার অভিযান প্রায় গুটিয়ে আনা হচ্ছে। তুষারধসের সময় বিদেশি পর্বতারোহীরা ওই স্থানে পৌঁছাননি।