
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সরকারি সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের বন্দর নগরী সিরিকে ‘শত্রুদের গোলাবর্ষণ’ আঘাত হানার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর এই দাবি এল।
আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘আগ্রাসী শত্রুদের’ প্রতি একটি ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে অভিহিত করে হরমুজ প্রণালিতে আকাশসীমায় উসকানি ও তেল চোরাচালান বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘যদি এই লঙ্ঘন এবং আগ্রাসনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে, তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স সীমাহীনভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’ আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, বাহিনীর অ্যারোস্পেস ফোর্স রাডার স্থাপনাটিকে ‘লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে’। এ বিষয়ে ওয়াশিংটন বা মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।