
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন সাধারণ কোনো শহর নয়, সাধারণ মানুষের ভাষায় এর নতুন নাম দাঁড়িয়েছে ‘কন্টেইনারাবাদ’। রাজনৈতিক বিক্ষোভ ও বিরোধী দলের দীর্ঘযাত্রা (লং মার্চ) ঠেকাতে সরকারের বসানো হাজার হাজার ভারী শিপিং কন্টেইনারের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে পুরো রাজধানী। এতে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, আর প্রতিদিন কোটি কোটি রুপির আর্থিক লোকসানের মুখে পড়ছেন পরিবহন মালিক, চালক ও সাধারণ ব্যবসায়ীরা।
পরিবহন সংগঠন ও সরকারি কর্মকর্তাদের হিসাবে, ইসলামাবাদের সড়ক অবরোধে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ভারী কনটেইনার ব্যবহার করা হয়েছে। এগুলোর অনেকগুলোই ব্যক্তিমালিকানাধীন ট্রাক ও কনটেইনার। আবার কিছু কনটেইনার বিদেশি শিপিং কোম্পানির মালিকানাধীন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের সড়কে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ভারী কনটেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রায় চার টন ওজনের এসব কনটেইনারের কিছুতে বালু ভরে ভারী করা হয়েছে, যাতে সহজে সরানো না যায়। কয়েক সপ্তাহ ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এমন পরিস্থিতি চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেইনারে ঘেরা ইসলামাবাদকে অনেকে ‘কনটেইনারাবাদ’ নামেও অভিহিত করছেন।