
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে শ্রীলঙ্কা, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে বিদেশি অতিথিরা দলটির ভূয়সী প্রশংসার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন।
আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে অস্ট্রেলিয়া ও কানাডার দু'জন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' বলে বক্তব্যের শুরু করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত নেতাকর্মী চমকে উঠেন।
সম্মেলনে ভারতের বিজেপির প্রতিনিধিত্বকারী দলটির ভাইস-প্রেসিডেন্ট বিনয় প্রভাকর তার বক্তব্যে জানান, শেখ হাসিনা শুধু বাংলাদেশের জননেত্রীই নন। তিনি পুরো দক্ষিণ এশিয়ার জননেত্রী।
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ বলেন, সোনার বাংলা তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। তিনিই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দুই বাংলা ভূখণ্ডে আলাদা হতে পারে, তবে হৃদয় থেকে কখনও আমরা আলাদা হতে পারিনি।'
সম্মেলনে অতিথিদের মুখে ঘুরে ফিরে ৭১এর স্বাধীনতা লাভে বঙ্গবন্ধুর ভূমিকা ও তার সুযোগ্য কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হওয়ার বিষয়টি প্রকাশ পায়।