
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী লড়াইয়ের কেন্দ্রে পরণিত হওয়া মসুলের একটি সালফার কারখানার বিষাক্ত ধোঁয়ায় ২ জন নিহতের পাশাপাশি অসুস্থ হয়েছেন এক হাজারের বেশি মানুষ ।
গতকাল শনিবার জানা গেছে, গত বৃহস্পতিবার মসুলের দক্ষিণে আল-মিশরাক নামে ওই সালফার কারখানা ঘিরে যুদ্ধের সময় আইএস জঙ্গিরা কারখানাটিতে আগুন দেয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও যুক্তরাষ্ট্র কর্মকর্তারা ।
গত শুক্রবার কয়েকশ' মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে নিকটবর্তী কুয়েরা সেন্টার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক আব্দুল সালাম জাবুরি। তবে, হাসপাতাল এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর জানায় নি ।