
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে নানা ধরনের দুর্নীতির অপরাধে গত ৩ বছরে ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ৩ বছরে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে । ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মত দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তারা রয়েছেন তেমনি মন্ত্রিসভার সদস্যের মত ক্ষমতাধর নেতারাও রয়েছেন। বেইজিং-এ চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্লেনাম বৈঠকের আগে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতি-বিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
কোন কোন বিশ্লেষক বলছেন, প্রেসিডেন্ট জিনপিং তার রাজনৈতিক প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন জিনপিং। জানা গেছে, কমিউনিস্ট পার্টির বৈঠকে দলের নিয়মকানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। তবে এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্টের ক্ষমতা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।