
আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর সব দেশেই শহর পরিস্কারের জন্য নগর কর্তৃপক্ষ নানা উদ্যোগ গ্রহণ করে। বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তায় স্থাপন করা হয় ময়লা ফেলার ঝুঁড়ি। অনেক শহরেই নেশাখোর আর ছিঁচকে চোরের দল ময়লা ফেলার ঝুঁড়ির ঢাকনা চুরি করে নিয়ে যায়। পারলে পুরো ময়লার বিন তুলে নিয়ে যেতেও দ্বিধা করে না এসব চোর।
তবে স্পেনের রাস্তায় স্থাপন করা ময়লার বিনের মধ্যে জলজ্যান্ত একটি মানুষ আটকে পড়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। তার চিত্কারে আশেপাশের লোকজন এসে তাকে ময়লার বিনে দেখে প্রথমে ভীষণ অবাক হন। খবর চলে যায় নগর কর্তৃপক্ষের দফতরে। এরপর উদ্ধার অভিযান পরিচালনার জন্য খবর দেয়া হয় পুলিশকে।
পুলিশ এসে অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করলে আগত সবার মনেই প্রশ্ন ছিলো কীভাবে এই অসম্ভব কাজটি সম্ভব করলেন তিনি। যেখানে কেউ চেষ্টা করলেও ঢুকতে পারবে না সেখানে কেউ কীভাবে আটকে পড়তে পারে। উদ্ধার হওয়ার পর লোকটি জানালেন, তিনি ভেবেছিলেন এই বাক্সটিতে সম্ভবত পুরনো কাপড় রাখা হয়েছে। পুরনো কাপড় খুঁজতে উঁকি দিতেই এর মধ্যে ঢুকে গেছি।