News71.com
 International
 01 Nov 16, 06:36 PM
 320           
 0
 01 Nov 16, 06:36 PM

পাকিস্তানে আটক বিরোধী নেতা কর্মীদের ছেড়ে দেয়ার আহবান জানাল অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল

পাকিস্তানে আটক বিরোধী নেতা কর্মীদের ছেড়ে দেয়ার আহবান জানাল অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পরিকল্পিত গণ বিক্ষোভের আগে গ্রেফতার হওয়া বিরোধী দলের শত শত কর্মীকে ছেড়ে দিতে আহবান জানিয়েছে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল। এদিকে পুলিশ বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে তাদের লক্ষ্য করে কাঁদনে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের ওপর বিরোধী দলগুলোর বিশেষ করে ইমরান খানের পাকিস্তান তেহরীক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চাপ ক্রমেই বাড়ছে। এই দলের বুধবার রাজধানী অচল করে দেয়ার কর্মসূচি রয়েছে।

ইসলামাবাদে সব ধরণের জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশ পিটিআইয়ের প্রায় এক হাজার সমর্থককে আটক করেছে। এদিকে আদালতের নির্দেশে সরকার জনসমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরী থেকে ইসলামাবাদ অভিমুখী মহাসড়ক বিক্ষোভের সর্বশেষ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এদিকে কর্তৃপক্ষ বিরোধী দলের কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদনে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করছে।

বিক্ষোভকারীরা রাজধানী অভিমুখে যেতে চাইলে পুলিশ সোমবার রাতে তাদেরকে বাধা দেয়। ফলে তারা বাধ্য হয়ে নগরী থেকে ২০ কিলোমিটার দূরে খোলা আকাশের নিচে রাত কাটায়। দলের নেতা ও প্রাদেশিক মন্ত্রী শাহ ফরমান এএফপিকে বলেন, ‘আমরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আরো জনবল নিয়ে আমরা আজ আবারো ফিরে আসবো।’

অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক চম্পা প্যাটেল বলেন, পুলিশ যেভাবে বিরোধী দলের কর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে তা কোনভাবে যুক্তিযুক্ত নয়। তিনি আরো বলেন, পাকিস্তানের সংবিধানে জনগণের সমাবেশ করার অধিকার দেয়া হয়েছে। তিনি গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিনা শর্তে দ্রুত ছেড়ে এবং শান্তিপূর্ণভাবে তাদেরকে সমাবেশ করতে দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন