
নিউজ ডেস্ক: ফিলিস্তিনি মহানায়ক ও স্বাধীনতাকামি ফিলিস্তিনবাসীর মুক্তি সংগ্রামের অন্যতম নেতা ইয়াসির আরাফাতের ১২তম মৃত্যুবার্ষিকী আগামী ১১ নভেম্বর। নিপীড়িত জনগণের মুক্তির প্রতীক এ নেতা ২০০৪ সালের ১১ নভেম্বর মৃত্যুবরণ করেন। আজ ফিলিস্তিন দূতাবাসের এক বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ দিনের। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি ইয়াসির আরাফাতকে বাংলাদেশের জনগণ মহান বন্ধুর মর্যাদা দিয়েছে। বাংলাদেশ অন্যান্য মুসলিম দেশের মতো প্রথম থেকেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান গ্রহণ করেছে।
ইয়াসির আরাফাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শেখ হাসিনাসহ বাংলাদেশের সকল রাষ্ট্র ও সরকার প্রধানগণ নিজ নিজ শাসনামলে ফিলিস্তিনি এ মহান নেতার প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রেখেছেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতিদানকারী ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ইয়াসির আরাফাত একাধিকবার রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন, অসংখ্যবার ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করেছেন। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন ইয়াসির আরাফাত, উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়া। সে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বর্ণবাদবিরোধী বিশ্বনন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা ও তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরিল।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে,মহান এই বিশ্বনেতাকে স্মরণ করে বাংলাদেশের স্বনামধন্য চ্যানেল, রেডিও এবং পত্রিকাগুলো যদি বিশেষ প্রতিবেদন প্রকাশ করতে চায়, তাহলে বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ প্রসঙ্গে দূতাবাস কর্তৃপক্ষ জানান, প্রয়োজনে রাষ্ট্রদূতের ইন্টার্ভিউ, সাক্ষাৎকার ও বাইট নিতে চাইলে অতিসত্বর যোগাযোগের আহবান জানান। এছাড়া কোন অনুষ্ঠান, টক শো-তে আমন্ত্রণ জানাতে চাইলেও তারা সানন্দে বাবস্থা করতে পারবেন বলেও উল্লেখ করেন। দূতাবাস থেকে আরো জানানো হয়, ভূতপূর্ব ফিলিস্তিনি রাষ্ট্রদূত তার সফরে এখন বাংলাদেশে অবস্থান করছেন। এছাড়া একমাত্র ফিলিস্তিনি বাংলাদেশি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাইদ আহমেদও বর্তমানে ঢাকায় রয়েছেন। তাদের সঙ্গেও গণমাধ্যম কথা বলতে চাইলে তারা ব্যবস্থা করবেন বলে জানান।