
আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন গ্রুপ থেকে অভিবাসীর সংখ্যা বাড়ানোর প্রচণ্ড চাপ সত্ত্বেও কানাডা আগামী ২০১৭ সালে নতুন অভিবাসীর সংখ্যা লক্ষ্যমাত্রা বাড়ায়নি। চলতি বছরের মতোই আগামী বছরেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩ লক্ষ নতুন অভিবাসী নেবে কানাডা।
জানা গেছে, গত সোমবার ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রনালয় আগামী বছরে অভিবাসী গ্রহণের নতুন এই সংখ্যা ঘোষনা করেন। নতুন এ ঘোষনায় অভিবাসী বাছাইয়ের ক্ষেত্রে ইকোনোমিক ইমিগ্রেন্টদের প্রাধান্য দেওয়া হচ্ছে। চলতি ২০১৬ সালে যেখানে ১,৬০,৬০০ জন ইকোনোমিক ইমিগ্র্যান্ট নেওয়া হয়েছিলো। আর আগামী ২০১৭ সালে সেটি বাড়িয়ে ১৭২,৫০০ করা হয়েছে। ফ্যামিলি রিইউনিফিকেশনের আওতায় ৮৪ হাজার নতুন অভিবাসী নেওয়া হবে। চলতি ২০১৬ সালে এই সংখ্যা ছিলো ৮০,০০০ জন।
কিন্তু আগামী ২০১৭ সালে রিফিউজি গ্রহণের পরিমাণ কমিয়ে দেওয়ার ঘোষনা দিয়েছে সিটিজেনশিপ মন্ত্রণালয়। ২০১৭ সালে ৪০ হাজার রিফিউজি নেবে কানাডা। চলতি ২০১৬ সালে ৫৫ হাজার ৮০০ জন রিফিউজি নিয়েছে কানাডা।