News71.com
 International
 04 Nov 16, 05:38 PM
 305           
 0
 04 Nov 16, 05:38 PM

দ. কোরিয়ায় উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

দ. কোরিয়ায় উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও রাশিয়ার তীব্র আপত্তি সত্ত্বেও দক্ষিণ কোরিয়ায় আগামী ৮-১০ মাসের মধ্যে একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থ পারমাণবিক পরীক্ষার পর বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ প্রেক্ষাপটে সিউল ও ওয়াশিংটন টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা মোতয়েনের ব্যাপারে একমত হয়। পিয়ংইয়ং এ সিদ্ধান্তের নিন্দা জানায় এবং সিউল ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টি করে।

বেইজিং একে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন ও চীনের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে খাটো করা হিসেবে দেখছে। শুক্রবার এক সেমিনারে কোরিয়ায় মার্কিন বাহিনীর (ইউএসএফকে) কমান্ডার জেনারেল ভিনসেন্ট ব্রুকস বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড আগামী আট থেকে ১০ মাসের মধ্যে দ. কোরিয়ায় মোতায়েন করা হবে এবং এটি গুয়ামে বর্তমানে যেটি মোতায়েন রয়েছে তার চেয়ে বড় হবে। ইউএসএফকে’র মুখপাত্র কিম ইয়ং-কু এ খবর নিশ্চিত করেছেন।

দ. কোরিয়ায় ক্ষেপণাস্ত্রের মূল স্থাপনার কাছে বসবাসকারী বাসিন্দারা সম্ভাব্য স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি নিয়ে বিক্ষোভের পর গত সেপ্টেম্বরে দেশটি থাড ব্যবস্থা মোতায়েনের জন্য একটি এলাকার নাম ঘোষণা করে। দেশটির প্রেসিডেন্ট জাতীয় প্রতিরক্ষার জন্য থাড ব্যবস্থার পক্ষে সাফাই গাইলেও কয়েক বিরোধী আইনপ্রণেতা এর বিরোধিতা করছেন। সিউল ও ওয়াশিংটন থাড ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেয়ার পর থেকে উ. কোরিয়া অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে এবং গত ৯ সেপ্টেম্বর পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন