
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো নগরীতে রাশিয়া ও সরকারি বাহিনীর ১০ ঘন্টার অস্ত্রবিরতি শেষ হয়েছে। রাশিয়া এই অস্ত্রবিরতিকে অবরুদ্ধ শহরটি থেকে বিদ্রোহীদের নিরাপদে চলে যাবার শেষ সুযোগ হিসেবে অভিহিত করেছে।রাশিয়া ও সিরিয়া এখন নগরীর পূর্বাঞ্চলে হামলা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।বিদ্রোহীরা সরকারি বাহিনীর অবরোধ ভেঙ্গে ফেলার জন্য পাল্টা হামলা শুরু করেছে।
রাশিয়া জানিয়েছে, এই হামলায় দেশটির দুই সৈন্য আহত হয়েছে।আলেপ্পোর পূর্বাঞ্চলে প্রায় ২ লাখ ৫০ হাজার লোক আটকা পড়েছে। সেখানে খাবার ও ওষুধের সংকট দেখা দিয়েছে।সিরিয়ায় আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকা দখল করে রেখেছে বিদ্রোহীরা। এটাই দেশটিতে তাদের দখলে থাকা সবচেয়ে বড় এলাকা।বিশ্লেষকরা জানিয়েছেন, যদি তারা এই এলাকা ছেড়ে চলে যায়, তবে তা হবে ৫ বছরের এই যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য সবচেয়ে বড় জয়।
সিরীয় সরকারের পক্ষ থেকে টেক্সট ম্যাসেজের মাধ্যমে বেসামরিক লোকদের এলাকাটি ছেড়ে অন্যত্র চলে যাবার আহ্বান জানানো হয়েছে।বিদ্রোহীদের কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘সরকারি বাহিনীকে বিনা প্রতিরোধে নগরীতে ঢুকতে দিন, অথবা মৃত্যুবরণ করুন।’