
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সালাহুদ্দিন প্রদেশে শুক্রবার রাস্তার পাশে ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের পেতে রাখা বোমা বিস্ফোরণে গৃহহীন ১৮ ব্যক্তি নিহত হয়েছে। তাদের গাড়ি বহর লক্ষ্য করেই বোমাগুলো পেতে রাখা হয়েছিল। এই ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছে। এছাড়া আরো যারা আহত হয়েছে তাদের অধিকাংশই নারী ও শিশু।
শনিবার প্রদেশের এক নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। প্রদেশটির একটি শহর থেকে এরা পালিয়ে যাচ্ছিল। শহরটি আইএস জিহাদিদের দখলে রয়েছে । রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমার ওপর দিয়ে পুলিশের একটি গাড়িবহর যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়। পুলিশের এই বহরে করে স্থানীয় আতঙ্কিত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছিল।
তারা সালাহুদ্দিন প্রদেশের পূর্বে আলম শহরের শরণার্থী শিবিরে যাচ্ছিল।তিকরিত এই প্রদেশের রাজধানী।আইএস জিহাদিরা কিরকুক নগরীর হাউইজাহ্ শহরটি দখল করে রেখেছে। সেখানে তারা বেসামরিক লোককে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। জঙ্গিরা তাদেরকে বাড়ি ছেড়ে অন্য স্থানে যেতে বাধা দিচ্ছে।