
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের আতঙ্ক ছড়াল। বক্তৃতার মাঝেই হঠাৎ নিরাপত্তারক্ষীরা ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। এরপর দর্শকাসন থেকে এক ব্যক্তিকে বাথরুমে নিয়ে যান পুলিশকর্মীরা। তাঁকে ভিতরে কিছুক্ষণ আটকে রেখে জেরা করা হয়। তবে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। সমর্থকদের আশ্বস্ত করে মঞ্চে ফিরে এসে বক্তব্য শেষ করেন ট্রাম্প।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে নেভাদার রেনোতে প্রচারসভায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানে বন্দুকবাজের আতঙ্ক কাটার পর নিরাপত্তারক্ষীদের প্রশংসা করে তিনি বলেন, সিক্রেট সার্ভিসের কর্মীরা ভাল কাজ করলেও, কেউ তাঁদের কৃতিত্ব দেয় না।
রেনোর পর ফ্লোরিডার টাম্পা এবং নর্থ ক্যারলিনার উইলমিংটনে প্রচারসভায় হাজির হন ট্রাম্প। সেখানে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংস্থাগুলি স্থানীয় কর্মীদের বরখাস্ত করে আউটসোর্সিং করছে, তাদের উপর ৩৫ শতাংশ কর চাপানো হবে। কর্মসংস্থান বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।