News71.com
 International
 06 Nov 16, 12:31 PM
 320           
 0
 06 Nov 16, 12:31 PM

ধোঁয়াশার চাদরে মোড়া দিল্লি, বাড়ছে শ্বাসকষ্টজনিত অসুস্থতা

ধোঁয়াশার চাদরে মোড়া দিল্লি, বাড়ছে শ্বাসকষ্টজনিত অসুস্থতা

 

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিনের মতোই আজও সকাল থেকেই ধোঁয়াশায় ঢেকে রয়েছে রাজধানী দিল্লির আকাশ। দূষিত বাতাসের জেরে বহু মানুষেরই চোখ জ্বালা করছে। শ্বাসকষ্টও হচ্ছে অনেকের। চিকিৎসকরা দিল্লিবাসীকে সতর্ক করে দিয়েছেন। তাঁদের মতে, যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাঁদের বিপদ বেশি। তবে অন্যরাও নিরাপদ নন। ধোঁয়াশা সবার জন্যই বিপজ্জনক। পরিবেশবিদরা বলছেন, দু দিনের মধ্যে ধোঁয়াশা কাটার সম্ভাবনা নেই। ফলে দিল্লির মানুষের সমস্যা মিটছে না।

গতকাল শনিবার থেকে দিল্লিতে ধোঁয়াশা বেড়েছে। লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল পরিস্থিতিকে ‘গ্যাস চেম্বার’-এর সঙ্গে তুলনা করেছেন। নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, ওজোন, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ মিশে রয়েছে ধোঁয়াশায়। ফলে দিল্লিবাসীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের উদ্বেগ স্বাভাবিক।

এইএমসের চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেছেন, ‘বুকে টান ধরা এবং রক্ত জমার সমস্যা নিয়ে অনেকেই আসছেন। শ্বাসকষ্ট সংক্রান্ত রোগও ১৫ থেকে ২০ শতাংশ বেড়ে গিয়েছে। সাধারণ মানুষেরও এই ধরনের সমস্যা হচ্ছে। সব বয়সের মানুষই ধোঁয়াশার ফলে অসুস্থ হয়ে পড়ছেন। জরুরি ভিত্তিতে রাস্তায় যানবাহন, আগুনে বিভিন্ন জিনিস পোড়ানো, ধুলো কমানোর ব্যবস্থা করা উচিত।’

স্যার গঙ্গারাম হাসপাতালের ফুসফুস সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ অরূপ বসু বলেছেন, ‘সবারই যত বেশিক্ষণ সম্ভব বাড়িতে থাকা উচিত। শরীরে আর্দ্রতা বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে জল ও অন্যান্য তরল পদার্থ খাওয়া উচিত। বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক কম থাকায় খুব বেশি পরিশ্রম করা উচিত নয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন