
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সংঘাতপূর্ণ কুন্দুজ প্রদেশে গত সপ্তাহে মার্কিন বিমান হামলায় ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা জাতিসংঘ তদন্ত করছে। তারা বলেছে, কোন বেসামরিক নাগরিকের প্রাণহানি অগ্রহণযোগ্য। গত বৃহস্পতিবার ভোরে কুন্দুজে বিক্ষুব্ধ জনতার ওপর এ হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, সেখানে ওই হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়। এদের মধ্যে অনেক শিশু রয়েছে। আফগানিস্তানে গত ১৫ বছরে জঙ্গি বিরোধী অভিযানে ন্যাটো বাহিনীর হামলায় প্রায়ই বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটছে। এ কারণে ন্যাটো বাহিনীকে সরকার ও সাধারণ জনগণের সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
মার্কিন বাহিনী এটা স্বীকার করেছে, এ বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। তারা সার্বিক তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এটিকে একটি ‘ভয়ঙ্কর ঘটনা’ হিসেবে অভিহিত করেন। এ ঘটনায় রোববার রাতে আফগানিস্তানে জাতিসংঘ মিশন বৃহস্পতিবারের হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দেয়।
ইউএনএএমএ’র এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে বিমান হামলায় কমপক্ষে ৩২ জন বেসামরিক নাগরিক নিহত ও আরো ১৯ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার আভাস মিলেছে। এদের অধিকাংশই নারী ও শিশু।