
আন্তর্জাতিক ডেস্ক: নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলা দুটোর সময় এ নিয়ে তিনি বৈঠকে বসবেন ভারতের সেনা, বায়ুসেনা ও নৌসেনা প্রধানের সঙ্গে, থাকতে পারেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। প্রধানমন্ত্রীর বাসভবনেই হবে এই বৈঠক।
উরি সন্ত্রাসে ১৯জন সেনা জওয়ানের মর্মান্তিক মৃত্যুর পর সেপ্টেম্বরের শেষে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে সেনা। মুখে সেই অপারেশনের কথা স্বীকার না করলেও ফুঁসতে থাকা পাকিস্তান তারপর থেকে বারবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
জানা গেছে, সেনা প্রধান দলবীর সিংহ, বায়ুসেনা প্রধান অরূপ রাহা ও নৌসেনা প্রধান সুনীল লাম্বার কাছ থেকে প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কিত ব্যাপারে জানতে চাইবেন। সেনাকর্মীদের যে সব ব্যাপারে ক্ষোভ রয়েছে, তা নিয়েও আলোচনা করবেন তিনি।