
নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান ও সহযোগিতায় বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ সরকার একযোগে কাজ করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ কলকাতায় পশ্চিম বঙ্গের দমকল, জরুরী পরিসেবা ও অসামরিক পরিসেবা মন্ত্রী জাবেদ আহমেদ খানের সাথে মতবিনিময়কালে দুই মন্ত্রী এ বিষয়ে সম্মত হন।
পশ্চিমবঙ্গের প্রধান সচিব এস সুরেশ কুমার, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় উভয় মন্ত্রী দুর্যোগ ঝুঁকি হ্রাসে উভয় দেশের গৃহিত পদক্ষেপ পরস্পরকে অবহিত করেন। ঊভয় দেশের জনগণ একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয় এবং অধিকাংশ সময়ে একই দুর্যোগেও উভয় দেশ আক্রান্ত হয়।দুর্যোগের আগাম বার্তার তথ্য অবহিত হওয়ামাত্র উভয় দেশ পরস্পরকে অবহিত করবে মর্মে মতবিনিময়কালে সিদ্ধান্ত হয়।সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস থেকে রক্ষা পাওয়ার হাতিয়ার হিসেবে সুন্দরবনকে উল্লেখ করে একে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার উপর গুরুত্বারোপ করে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে পশ্চিমব্েঙ্গর মন্ত্রী বাংলাদেশকে অনুরোধ করেন।
এ বিষয়ে একই সাথে কাজ করতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করে এবং উভয় দেশে পরস্পর ডেলিগেট পাঠানোর সিদ্ধান্ত হয়।এরপর তারা পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) পরিদর্শন করেন। এসময় এ প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের কর্মকর্তাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব করলে পশ্চিমবঙ্গের মন্ত্রী আশ্বাস প্রদান করেন।