News71.com
 International
 10 Nov 16, 09:34 PM
 377           
 0
 10 Nov 16, 09:34 PM

জঙ্গিবাদ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা চালাতে ইতালীর মন্ত্রীর আহ্বান

জঙ্গিবাদ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা চালাতে ইতালীর মন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক : ঢাকা সফররত ইতালীর উপ-পররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনদেত্তো দেল্ল জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে সকল রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এর মোকাবিলার আহ্বান জানিয়েছেন।ইতালীর উপ-পররাষ্ট্র মন্ত্রী সিনেটর বেনদেত্তো দেল্ল ভেদোভা আজ সকালে এক দিনের সফরে ঢাকা এসেছেন। তিনি সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী ভেদোভা গত ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় অন্যান্য দেশের নাগরিকসহ ৯ জন ইতালীয় নাগরিকের মৃত্যু পরবর্তীতে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বাংলাদেশ সরকারের তড়িৎ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং দ্রুততার সাথে মরদেহসমূহ নিজ নিজ দেশে প্রেরণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে সকল রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এর মোকাবিলা করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। বাংলাদেশে বিদেশী নাগরিকগণের নিরাপত্তায় বাড়তি পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে বাংলাদেশ ও ইতালীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্র্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এছাড়া দু’দেশের মধ্যে ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ, বাংলাদেশ নৌবাহিনীর সাথে ইতালীয় সরকারের মালিকানাধীন একটি জাহাজ নির্মাণ কোম্পানীর যৌথ উদ্যোগে কার্যক্রম শুরুর বিষয়, অভিবাসন সমস্যা এবং বৈধ উপায়ে অভিবাসন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বিমান চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক যন্ত্রপাতি ও সেবা সরবরাহের জন্য ইতালীয় কোম্পানী ‘লিওনার্দো’ নির্বাচিত হওয়ায় ইতালীর উপ-পররাষ্ট্রমন্ত্রী ভেদোভা সন্তোষ প্রকাশ করেন।চামড়াজাত দ্রব্যাদি ও পাদুকা শিল্পে ইতালীর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধির জন্য ইতালীর সহায়তা কামনা করেন।বৈঠকে অংশগ্রহণের পূর্বে আজ সকালে ইতালীর উপ-পররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনদেত্তো দেল্লা ভেদোভা গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁ পরিদর্শন করেন। আজ অপরাহ্নে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন