
আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিন আগেই ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে টাকার কালোবাজারি প্রতিরোধের এই উদ্যোগ নিয়ে পাকিস্তানেও শুরু হয় আলোচনা। সে দেশের আইনসভাতেই নোট বাতিলের পদক্ষেপ নেওয়ার দাবি উঠে।
অবিলম্বে ১০০০ ও ৫০০০ পাকিস্তানি টাকা বাজার থেকে তুলে নতুন নোট চালু করার প্রস্তাব সরকারের কাছে জমা দিলেন বিরোধী দল 'পাকিস্তান পিপলস পার্টি'র সিনেটর ওসমান সইফুল্লা খান। অর্থ বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে লক্ষ্য করে এই পিপিপি এমপি-র দাবি, কালোবাজারি রুখতে বড় অংকের নতুন নোট চালু করুক সরকার। এই প্রসঙ্গে ভারতে ৫০০ ও ১০০০ রুপি পরিবর্তনের বিষয়টিও তিনি তুলে ধরেন।
এদিকে প্রতিবেশী রাষ্ট্র পারলে আমরা কেনও পারব না এমনই প্রশ্নে জর্জরিত হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানে টাকার তীব্র কালোবাজারি চলে। সেই টাকা সন্ত্রাসবাদের ভিত মজবুত করছে। সরকারের উচিত ভারতের মতো বড় অংকের টাকা নতুন করে ইস্যু করা। এমনই দাবি উঠতে শুরু করেছে দেশটিতে।