
আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্র সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেডলাইট এলাকা সোনাগাছিতে এর কোনও প্রভাব পড়েনি। যৌনকর্মীদের কল্যাণমূলক কাজে নিযুক্ত সংগঠন দরবার মহিলা সমন্বয় কমিটির চিফ মেন্টর ভারতী দে জানিয়েছেন, নোট বাতিলের প্রভাব সোনাগাছিতে পড়েনি। কারণ, এখানকার যৌনকর্মীরা এখনও ৫০০ ও ১০০০ টাকার নোট নিচ্ছেন। চলতি মাসের শেষপর্যন্ত এই নোট নেবেন তাঁরা।
অন্যান্য ব্যবসায় ধারবাকি চলে। কিন্তু যৌনপল্লিতে নগদেই লেনদেন হয়। তাই আচমকা নোট বাতিলের ঘোষণায় সোনাগাছিতে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা ছিল। দরবার মহিলা সমন্বয় কমিটির সঙ্গে যুক্ত লোকজন জানিয়েছেন, যৌন কর্মীদের সংগঠনের উদ্যোগ এবং স্থানীয় ব্যাঙ্কের আশ্বাস এই সংকটের সময় কাজে এসেছে।ভারতী দে বলেছেন, উষা কোঅপারেটিভ ব্যাঙ্ক চলতি মাসের শেষ পর্যন্ত বাতিল নোট গ্রহণের আশ্বাস দিয়েছে।
এরফলে যৌনকর্মীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করতে পারবেন।কোনও কোনও যৌনকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এজন্য তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে মেনে নিয়েছেন ভারতী দে। তিনি বলেছেন, উষা ব্যাঙ্কে প্রায় ৩০ হাজার যৌনকর্মীর অ্যাকাউন্ট রয়েছে। যাঁদের অ্যাকাউন্ট নেই, তাঁদের টাকা জমা নেওয়ার ব্যাপারে কোনও সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।